বাচ্চা চুরির সন্দেহে এক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ এলাকাবাসীর বিরুদ্ধে। লাগাতার কিল, চর এমনকি লাথি মারা হয় বলেও খবর সূত্রের। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। কোনক্রমে উদ্ধার করা হয় ওই মহিলাকে। প...
বাচ্চা চুরির সন্দেহে এক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ এলাকাবাসীর বিরুদ্ধে। লাগাতার কিল, চর এমনকি লাথি মারা হয় বলেও খবর সূত্রের। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। কোনক্রমে উদ্ধার করা হয় ওই মহিলাকে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্যে। গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। মহিলার উদ্দেশ্য আদৌ অসৎ ছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিস।
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোলে। সোমবার সেখানেই এক মহিলাকে ঘিরে বেধড়ক মারধর শুরু করেন স্থানীয়রা। চুল ধরে টেনে মাটিতেও ফেলা দেওয়া হয় তাঁকে। ইতিমধ্যেই সেই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে সন্দেহভাজন ওই মহিলাকে লাঠিপেটা করতে দেখা গিয়েছে স্থানীয় এক মহিলাকে। সেইসঙ্গেই চলতে থাকে লাগাতার চর, লাথি। এমনকি বাঁশ নিয়েও ছুটে আসতে দেখা যায় কিছু এলাকাবাসীকে। পরে পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় গাজোল থানায়। ঘটনাস্থলে পুলিস পৌঁছে মহিলাকে উদ্ধার করার চেষ্টা করলে পুলিসের সঙ্গেও একচোট বচসা হয় তাঁদের।
ঘটনায় স্থানীয়দের অভিযোগ, সন্দেহভাজন ওই মহিলা বাচ্চা চুরি করতে এলাকায় ঢুকেছিল। এমনকি পাণ্ডুয়ার ঝিকরা এলাকায় তাঁকে এক বাচ্চা ছেলেকে নিয়ে যেতেও দেখেছিলেন এলাকাবাসীরা। এরপরেই মহিলাকে আটকে গণপিটুনি দিতে শুরু করেন স্থানীয়রা। অন্যদিকে আক্রান্ত মহিলার দাবি, গত সপ্তাহে পাণ্ডুয়া এলাকায় ঘুরতে এসেছিলেন তিনি। তাঁর নিজের বাড়ি হাওড়া জেলায়। কিন্তু এদিন তাঁকে আচমকাই ঘিরে মারধর শুরু করা হয় বলে অভিযোগ তুলেছেন তিনি। এমনকি তাঁর কাছ থেকে টাকা-পয়সাও কেড়ে নেওয়া হয়েছে পুলিসের কাছে জানিয়েছেন মহিলা। ইতিমধ্যেই গোটা ঘটনায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। ওই এলাকায় মহিলা কার বাড়িতে কেন এসেছিলেন, খতিয়ে দেখা হচ্ছে তাও।