অফিসে কাজের চাপে পার্লারে যাওয়া হয়ে উঠছেনা? অথচ রোদে রোদে ঘুরে মুখ দাগছোপে ভোরে গিয়েছে? হাতে সময় কম থাকলে আপনার ভরসা জিতে নিতে পারে ঘরোয়া উপকরণ। ত্বকের ময়লা এবং তেল পরিষ্কার করতে বেছে নিন বেসন কে। তবে ঘরোয়া উপকরণ বেসন ত্বকের জন্য বেশ কার্যকর হলেও এটি আপনার ত্বককে কিছুটা শুষ্ক করে দিতে পারে। তাই বেসনের সঙ্গে মাত্র কয়েকটি উপকরণ মিশিয়ে তৈরি করে নিন এই ফেসপ্যাক। এই ফেসপ্যাক ব্যবহারে ত্বকের আর্দ্রতা বজায় থাকার পাশাপাশি ত্বক নরম, পরিষ্কার ও উজ্জ্বল দেখাতে পারে।
বেসন ও বাদামের তেল
শুষ্ক ত্বকের জন্য বেসনের সঙ্গে আমন্ড অয়েল বা দুধের সর মিশিয়ে ব্যবহার করতে পারেন। প্রয়োজনমতো বেসন নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা আমন্ড অয়েল অথবা এক চামচ দুধের সর মিশিয়ে নিন। প্রলেপটি মুখে লাগিয়ে প্রায় ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। একেবারে শুকিয়ে যাওয়ার আগেই জল দিয়ে ধুয়ে ফেলুন। বেসনের সঙ্গে তেল বা দুধের সর মেশানো প্যাকটি ত্বককে নরম ও মসৃণ রাখতে সাহায্য করতে পারে। বিশেষ করে শুষ্ক ত্বকের ক্ষেত্রে এই প্যাক ব্যবহার করা যেতে পারে।
বেসন, মধু ও গোলাপজল
এক চামচ বেসন, এক চা-চামচ মধু এবং এক চামচ গোলাপজল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। মুখ ও গলায় লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই হালকা হাতে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’-তিন বার ব্যবহার করতে পারেন।
বেসন, টমেটো ও হলুদ
ত্বকের মলিনভাব কমিয়ে মুখকে সতেজ দেখাতে বেসনের সঙ্গে টমেটোর রস ও হলুদ মিশিয়ে নিতে পারেন। এক চা-চামচ বেসনের সঙ্গে এক চামচ টমেটোর রস এবং সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে ভাল করে লাগিয়ে ২০-২৫ মিনিট রেখে দিন। তার পর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বক পরিষ্কার রাখতে এবং মুখকে সতেজ দেখাতে সাহায্য করতে পারে।
বেসন-হলুদের ফেসপ্যাক
রোদে ঘোরাঘুরির পর মুখে দাগছোপ বা কালচে ভাব দেখা দিলে ব্যবহার করতে পারেন বেসন ও হলুদের ফেসপ্যাক। এক চা-চামচ বেসনের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়ো, এক চামচ দুধের সর এবং সামান্য অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে ভাল করে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। বেসন ত্বকের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। আর দুধের সর ও অলিভ অয়েল ত্বককে নরম রাখতে সাহায্য করতে পারে। সপ্তাহে দু’-তিন দিন এই প্যাক ব্যবহার করা যেতে পারে।