Calcutta Television Network

ডায়েটের ভয়ে মিষ্টি ছাড়ছেন? সাধ মেটাতে হেঁশেলেই তৈরি করুন এই ৮ টি পদ

 ডায়েটের ভয়ে মিষ্টি ছাড়ছেন? সাধ মেটাতে হেঁশেলেই তৈরি করুন এই ৮ টি পদ
3 October 2026 03:16:56 pm

 

মিষ্টিপ্রেমী হয় না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। আর তাছাড়া মুখ মিষ্টি ছাড়া বাঙালির উৎসব,আনন্দ বা অতিথি আপ্যায়ন সবটাই যেন ফিকে হয়ে যায়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাঙালির প্রিয় মিষ্টির প্লেটর উপর লাগু হয় একগাদা বিধিনিষেধ। ডায়েট কন্ট্রোল হোক বা সুগার কন্ট্রোল সবেতেই মিষ্টি হয়ে ওঠে সকলের চক্ষুশূল। বিশেষ করে বাড়ির প্রবীণ সদস্যদের মিষ্টি খাবার সাধ জাগলেও তখন তৈরী হয় দ্বিধা। তবে বাজারের মিষ্টি এড়িয়ে যদি ঘরে একটু অন্য কায়দায় স্বাস্থকর মিষ্টি তৈরী করা যায়, তাহলে সাধ ও পূরণ হয় আর মিষ্টি খাওয়ার ক্রেভিং টাও বেশ কিছুটা নিয়ন্ত্রণ হয়। আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় বাড়িতে কী ভাবে স্বাস্থ্যকর উপায়ে মিষ্টি বানাবেন।

চকলেট অরেঞ্জ মুস

চকলেটের সঙ্গে কমলার সতেজ স্বাদ দুয়ের মেলবন্ধনে তৈরি হতে পারে ঝটপট এবং ক্রিমি ডেজার্ট। অ্যাভোকাডো, কোকো পাউডার, গ্রিক ইয়োগার্ট, সামান্য কমলার খোসার কুচি ও মধু একসঙ্গে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি মসৃণ ও ক্রিমি হয়ে এলে ছোট বাটি বা গ্লাসে ঢেলে ফ্রিজে প্রায় ২০ মিনিট রেখে দিন। ব্যস, বেশি ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে চকলেট অরেঞ্জ মুস। স্বাদে মিষ্টি ও ক্রিমি হলেও উপকরণের কারণে এটি হতে পারে পুষ্টিকর ডেজার্টের একটি বিকল্প।

আমন্ড বাটার ব্রাউনি

চকলেটের স্বাদ পেতে সব সময় ময়দা বা অতিরিক্ত চিনি দরকার হয় না। আমন্ড বাটার দিয়েই বানিয়ে নিতে পারেন নরম, চকলেটি ব্রাউনি। একটি পাত্রে আমন্ড বাটার, কোকো পাউডার, মধু, ডিম এবং সামান্য বেকিং সোডা নিয়ে ভাল করে মিশিয়ে নিন। তৈরি মিশ্রণটি বেকিং ট্রেতে ঢেলে প্রি-হিট করা ওভেনে ১৫-২০ মিনিট বেক করুন। ব্যস, তৈরি হয়ে যাবে সহজে বানানো আমন্ড বাটার ব্রাউনি। আমন্ড বাটারের কারণে এতে স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিনও পাওয়া যায়।

ভাপা দই

মিষ্টির তালিকায় একটু বাঙালিয়ানার ছোঁয়া রাখতে চাইলে বানিয়ে নিতে পারেন ভাপা দই। প্রথমে পাতলা সুতির কাপড়ে দই রেখে কিছুক্ষন ঝুলিয়ে রাখুন , যাতে অতিরিক্ত জল ভালো  ভাবে ঝরে যায়। জল ঝরানো দই একটি বড় বাটিতে নিয়ে মসৃণ করে ফেটিয়ে নিন। এর মধ্যে দুধ, সুগার-ফ্রি সুইটনার, এলাচ গুঁড়ো ও সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে ভালো  করে মিশিয়ে নিন।

এ বার মিশ্রণটি একটি স্টিল বা কাচের ওভেনপ্রুফ বাটিতে ঢেলে উপরে ঢাকনা বা ফয়েল দিয়ে ঢেকে দিন। প্রেশার কুকারে সিটি ছাড়া অথবা স্টিমারে জল ফুটিয়ে তার মধ্যে বাটিটি বসিয়ে মাঝারি আঁচে প্রায় ২০-২৫ মিনিট ভাপে রাখুন। হয়ে গেলে নামিয়ে প্রথমে ঠান্ডা করে নিন, তার পর ফ্রিজে রাখুন। পরিবেশনের আগে উপর থেকে সামান্য পেস্তা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে নরম, ঠান্ডা ভাপা দই।

খেজুরের পুডিং

মিষ্টির স্বাদ ও থাকবে অথচ চিনি ও মেশাতে হবে না এমন কোনও উপকরণ বানাতে চাইলে তৈরী করে নিতে পারেন খেজুরের পুডিং। প্রথমে এক কাপের মতো খেজুর ও কয়েকটি কাঠবাদাম হালকা গরম দুধে প্রায় ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। নরম হয়ে এলে দুধ-সহই ব্লেন্ডারে দিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন।

অন্যদিকে বাকি দুধ ফুটিয়ে তাতে জিলেটিন পাউডার মিশিয়ে ভাল করে নাড়ুন। এ বার তার মধ্যে খেজুর-কাঠবাদামের পেস্ট ঢেলে সব উপকরণ ভাল ভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ছোট বাটি বা পুডিং মোল্ডে ঢেলে ফ্রিজে প্রায় ২ ঘণ্টা রাখুন। জমে গেলেই তৈরি হয়ে যাবে মিষ্টি স্বাদের খেজুরের পুডিং।

মাখানার ক্ষীর

বাঙালির প্রিয় পায়েসের স্বাদ বজায় রেখেই যদি একটু স্বাস্থ্যকর বিকল্প চান, তা হলে মাখানা দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই ক্ষীর। প্রোটিন, ক্যালশিয়াম ও অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ মাখানা পুষ্টিগুণেও বেশ ভালো।

প্রথমে কড়াইতে এক চামচ ঘি দিয়ে এক কাপ মাখানা হালকা আঁচে ভাল করে ভেজে নিন। মাখানা মচমচে হয়ে এলে চামচ বা হাতার সাহায্যে সেগুলি খানিকটা ভেঙে নিন। এ বার কড়াইতে প্রায় চার কাপ দুধ ঢেলে মাখানার সঙ্গে মিশিয়ে দিন। কম আঁচে ১৫-২০ মিনিট ধরে ফুটতে দিন। দুধ ধীরে ধীরে ঘন হয়ে মাখানার সঙ্গে মিশে গেলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া স্বাদের মাখানার ক্ষীর।

ওট্‌স-আপেলের পায়েস

পায়েস মানেই চাল আর চিনি এই চেনা ধারণা থেকে একটু বেরিয়ে আসতে পারেন। চালের পরিবর্তে ওট্‌স আর চিনির বদলে আপেলের প্রাকৃতিক মিষ্টত্বে তৈরি করা যায় এই সহজ পায়েস। প্রথমে প্রায় ২ কাপ ফ্যাট-ফ্রি দুধ ফুটিয়ে কিছুটা ঘন করে নিন। অন্য দিকে, আধ কাপ ওট্‌স শুকনো কড়াইতে হালকা করে ভেজে দুধের মধ্যে দিয়ে দিন। ওট্‌স নরম হয়ে এলে সামান্য দারচিনি গুঁড়ো ছড়িয়ে দিন।

এ বার আঁচ বন্ধ করে তাতে আগে থেকে গ্রেট করে রাখা একটি বড় আপেল মিশিয়ে নিন। আপেলের স্বাভাবিক মিষ্টিতেই পায়েসে চলে আসবে সুন্দর স্বাদ। আরও একটু মিষ্টি পছন্দ হলে পরিমাণ বুঝে সামান্য গুড়ও যোগ করে নিতে পারেন।

পাম্পকিন ব্রুকিজ

মিষ্টিকুমড়ো দিয়ে শুধু তরকারি নয়, বানিয়ে ফেলতে পারেন মজাদার এক মিষ্টির পদও। মিষ্টি কুমড়োর পিউরির সঙ্গে কাঠবাদামের গুঁড়ো, কোকো পাউডার, সামান্য দারুচিনি গুঁড়ো ও ম্যাপল সিরাপ মিশিয়ে নিন। সব উপকরণ ভাল ভাবে মিশে গেলে বেকিং ট্রেতে দিয়ে ওভেনে বেক করে নিলেই তৈরি হবে পাম্পকিন ব্রুকিজ। স্বাদের পাশাপাশি মিষ্টিকুমড়ো ও দারুচিনির মতো উপকরণ থেকে মিলবে নানা পুষ্টিগুণ, যার মধ্যে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদানও রয়েছে।

চকলেট প্রোটিন মুস

চকলেটের স্বাদ বজায় রেখেই ডেজার্টে যোগ করতে পারেন প্রোটিন। সেদ্ধ মিষ্টি আলু, চকলেট প্রোটিন পাউডার, কোকো পাউডার এবং আমন্ড মিল্ক একসঙ্গে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি মসৃণ ও ঘন হয়ে এলে পাত্রে ঢেলে ফ্রিজে প্রায় ৩০ মিনিট রেখে ঠান্ডা করুন। পরিবেশনের আগে ভাল করে নাড়িয়ে নিলেই তৈরি চকলেট প্রোটিন মুস। প্রোটিন সমৃদ্ধ এই মুস খেলে বেশ কিছুটা সময় পেট ভরা থাকে এবং মিষ্টি খাওয়ার ক্রেভিংও মেটে।

×
  • CTVN