Calcutta Television Network

বদলাচ্ছে প্রেমের ভাষা, কোন সুরে রচিত হচ্ছে Generation Z-দের ভালোবাসার গান?

বদলাচ্ছে প্রেমের ভাষা, কোন সুরে রচিত হচ্ছে Generation Z-দের ভালোবাসার গান?
29 September 2026 03:12:43 pm

সখী ভালোবাসা কারে কয়? প্রশ্নটা আজ বরং একটু শুধরে নিন কারণ সময় বদলেছে, বদলেছে প্রেমের ভাষা। আর নতুন প্রজন্ম Generation z এর কাছে তথাকথিত ''ভালোবাসা'' শব্দটি ''কেবলই যাতনাময়''। এই প্রজন্ম ঠিক করে দিচ্ছে ভালোবাসা-কে কোথায় কোন রূপে ধরা দিতে হবে। আর এই রূপ পরিবর্তন করার সঙ্গে সঙ্গে ''ভালোবাসা কারে কয়?'' কথাটি বদলে যাচ্ছে ''ভালোবাসা কী কয়?'' তে।

আজকের এই বিশেষ প্রতিবেদনটি আধুনিকতম প্রজন্ম জেন Z ঠিক কী ভাবে প্রকাশ করে ভালোবাসার কথা সেই বিষয় নিয়েই। একটি 'রিয়েক্ট', একটি 'স্টোরি' কিংবা রাত জেগে চলা অগণিত মেসেজের ভিড়ে জেনে নেবো কোন সুরে রচিত হয় Generation Z দের ভালোবাসার গান?

‘সফট লঞ্চ’ কথাটি সোশ্যাল মিডিয়া তে নিশ্চই শুনেছেন? হাজারো শব্দের ভিড়ে 'সিচুয়েশনশিপ' শব্দটিও নিশ্চই আপনার ফিডে এসেছে? কিন্তু এই সব নিত্য নতুন শব্দ বুঝতে গুগল করতে হচ্ছে? তাহলে আপনি হতে পারেন মিলেনিয়াল বা জেনারেশন X, তাই হয়তো আপনাদের এতো শব্দের জটিলতায় পড়তে হয়নি। কিন্তু অন্যদিকে জেন Z-রা হামেশাই অভ্যস্ত এসব শব্দ নিয়ে। এ বার জেনে নেওয়া যাক জেন Z দের অভিধানে ভালোবাসা-র নানাবিধ রূপ সম্পর্কে।

সফট লঞ্চ

কখনও সম্পর্কের কথা সরাসরি না বলে শুধু একটি হাতের ছবি কিংবা পাশাপাশি দাঁড়ানো দু’টি ছায়া দিয়ে ইঙ্গিত দেওয়া। সঙ্গীর মুখ দেখা যাচ্ছে না, পরিচয়ও প্রকাশ্যে আসছে না, অথচ ছবিটা দেখেই বোঝা যাচ্ছে গল্পে কেউ একজন নতুন এসেছেন। এই আড়াল-আবডাল রেখে সম্পর্কের প্রথম আভাস দেওয়াই ‘সফট লঞ্চ’। অর্থাৎ ঘোষণা আছে, তবে পুরোটা নয়।

হার্ড লঞ্চ

তবে সেই লুকোচুরি বেশিদিন ভালো না লাগলে? তখন আসে ‘হার্ড লঞ্চ’। আর কোনও ইশারা নয়, সঙ্গীর ছবি, পরিচয়, সম্পর্ক সবটাই প্রকাশ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেই জানিয়ে দেওয়া, হ্যাঁ, এই মানুষটিই আমার বিশেষ মানুষ। সম্পর্কের প্রকাশ যখন আর কোনও রাখঢাক মানে না, তখনই তার নাম হার্ড লঞ্চ।

অরবিটিং

আবার এমনও হয়, সম্পর্ক শেষ। কথাবার্তাও নেই। তবু প্রাক্তনের স্টোরি দেখে চোখ এড়ানো যায় না। নতুন পোস্টে মাঝেমধ্যে প্রতিক্রিয়াও চলে আসে। জীবনের চারিপাশে সে নেই, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তার কক্ষপথ থেকে পুরোপুরি বেরিয়েও আসা হয়নি। এই অদৃশ্য দূরত্বের আচরণই জেন-Z অভিধানে ‘অরবিটিং’।

সিচুয়েশনশিপ

কিন্তু সম্পর্কটা যদি শুরুই হয় এমন এক জায়গা থেকে, যেখানে দু’জনেই জানেন কাছাকাছি আছেন, অথচ কেউই জানেন না ঠিক কী নামে ডাকবেন সেই সম্পর্ককে? বন্ধুত্বের চেয়ে একটু বেশি, প্রেমের মতো ঘনিষ্ঠ, কিন্তু প্রতিশ্রুতির জায়গায় এখনও ধোঁয়াশা। না পুরো সম্পর্ক, না শুধুই বন্ধুত্ব এই মাঝামাঝি অবস্থাই ‘সিচুয়েশনশিপ’।

ডিলিউশনশিপ

এর থেকেও এক ধাপ অন্যরকম ‘ডিলিউশনশিপ’। বাস্তবে হয়তো কোনও সম্পর্কই নেই। হয়তো দু’জনের মধ্যে কথাও তেমন হয়নি। কিন্তু একজনের মনে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে সম্পূর্ণ এক প্রেমের গল্প। কোথায় দেখা হবে, কী ভাবে সম্পর্ক শুরু হবে, ভবিষ্যতে কী হবে সবই যেন মনের পর্দায় তৈরি। বাস্তবের চেয়ে কল্পনার সম্পর্ক যখন বড় হয়ে ওঠে, তখনই তাকে বলা হয় ডিলিউশনশিপ।

কবওয়েবিং

পুরনো সম্পর্কের স্মৃতি আঁকড়ে থাকাও জেন-Z  ভাষায় আর শুধু ‘পুরনো কথা মনে পড়া’ নয়। প্রাক্তনের ছবি, পুরনো চ্যাট, একসঙ্গে কাটানো মুহূর্তের ডিজিটাল স্মৃতি সব সরিয়ে যখন কেউ নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নিতে শুরু করেন, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে ‘কবওয়েবিং’। পুরনো জাল সরিয়ে নতুন শুরুর জন্য জায়গা তৈরি করা।

লাভ বম্বিং

আবার সম্পর্কের শুরুতেই যদি ভালোবাসার বন্যা নেমে আসে? একের পর এক প্রশংসা, উপহার, অসংখ্য মেসেজ, অতিরিক্ত মনোযোগ আর ভবিষ্যৎ নিয়ে বড় বড় প্রতিশ্রুতি সবকিছু এত দ্রুত যে অন্যজনের আবেগ সামলে ওঠার সময়ই নেই। এই অতিরিক্ত মনোযোগ ও আবেগের প্রকাশকে বলা হয় ‘লাভ বম্বিং’।

বেঞ্চিং

আর ‘বেঞ্চিং’? নামের মধ্যেই যেন রয়েছে তার ইঙ্গিত। সম্পর্কে যাওয়ার স্পষ্ট ইচ্ছা নেই, আবার পুরোপুরি ছেড়েও দেওয়া নয়। যোগাযোগটা এমনভাবে রেখে দেওয়া, যাতে ভবিষ্যতে সম্পর্কের সম্ভাবনা তৈরি হলে সেই মানুষটি ‘অপশন’ হিসেবে থেকে যান। অর্থাৎ মাঠে নামা নয়, আবার দল থেকে বেরিয়ে যাওয়া নয়। সাইডলাইনে অপেক্ষা করিয়ে রাখা।

প্রেমের গল্প বদলেছে কি না, তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু সেই গল্প বলার ভাষা যে বদলে যাচ্ছে, তা স্পষ্ট। একসময়ের ‘চোখে চোখে প্রেম’, ‘অপেক্ষা’ কিংবা ‘বিরহ’-এর জায়গায় এখন ঢুকে পড়েছে সফট লঞ্চ, অরবিটিং, সিচুয়েশনশিপ, বেঞ্চিং-এর মতো শব্দ।

 তাহলে আপনার গল্পটা কোনটার সঙ্গে মেলে?

×
  • CTVN