Calcutta Television Network

কিভাবে বর্ষায় চুলের যত্ন নেবেন?

কিভাবে বর্ষায় চুলের যত্ন নেবেন?
28 May 2024 • 02:07:09 pm

তীব্র গরমের পর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে বর্ষাকাল। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী ৫ থেকে ৮ ই জুনের মধ্যে মৌসম বায়ু ভারতের কেরালা রাজ্যে প্রবেশ করে সাথে সাথে বর্ষাও। আর বর্ষাকাল মানেই কমবেশি সকলেরই চুল, ত্বক এইসব নিয়ে একটু বেশি চিন্তা হয়। কারণ বর্ষাকালে চুল একটু বেশি ঝরে অন্যান্য সময়ের থেকে। কারণ এই সময় বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকে। তাই চুল ঠিকাঠাক ভাবে শুকায় না। চুলের গোড়ায় ফাঙ্গাল ইনফেকশন হয় এর পাশাপাশি দুশ্চিন্তা, মানসিক চাপ বা কোনও রকম উদ্বেগ থাকলে চুল পড়া বেড়ে যায়। একটু বাড়তি যত্ন এবং খাওয়া-দাওয়া ঠিক থাকলেই চুল পড়ার সমস্যা অনেকটা কমে যায়। তবে খুব বেশি চুল পড়লে সেটা শরীরের অন্য কোনও সমস্যার উপসর্গ হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। তবে চুল পড়ার অন্যতম কারণ হতে পারে স্ট্রেস, প্রোটিনের অভাব, খাদ্যাভাস, থাইরয়েড, ধূমপান ইত্যাদি।

 চুল পড়ার সমস্যা কমাতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খান। ডাল জাতীয় খাবার বেশি করে খান কারণ ডালের মধ্যে কেরোটিন, যা চুল বৃদ্ধি করতে সাহায্য করে। সঙ্গে অবশ্যই চুলের যত্ন নিন। বর্ষায় বিশেষ করে খেয়াল রাখবেন বৃষ্টির জল যেন মাথায় বসে না যায়। বৃষ্টিতে ভিজে গেলে বাড়িতে ফিরে চুলে শ্যাম্পু করে নিন। যদি আপনার চুল তৈলাক্ত হয়, তাহলে একদিন অন্তর শ্যাম্পু অবশ্যই করবেন। যদি কোঁকড়ানো চুল হয়, তাহলে বর্ষার আর্দ্রতায় চুল আরও উসকো-খুসকো হয়ে যায়। তাই ভালো কন্ডিশনার এবং সিরাম লাগানো প্রয়োজন। এতে চুল ঝরার সমস্যা থেকে উপকার পেতে পারেন। কিভাবে বর্ষায় চুলের যত্ন নেবেন? একবার দেখে নিন...

১. বর্ষাকালে ঘন ঘন শ্যাম্পু করতে হবে। সপ্তাহে অন্তত তিনবার শ্যাম্পু করুন। কারণ এসময় মাথার ত্বকে বেশি তেল উৎপন্ন হয়। তাই অ্যান্টি-ফাঙ্গাল শ্যাম্পু দিয়ে ঘন ঘন মাথা ধোয়া হলে ত্বকে ছত্রাকের সংক্রমণ হবে না।

২. চুল সুস্থ রাখতে খাদ্যাভ্যাসে বিশেষ নজর দিতে বলেন বিশেষজ্ঞরা। এজন্য প্রতিদিন ডিমের সাদা অংশ, বাদাম, শস্যদানা, টাটকা ফলমূল, সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রোটিন জোগাবে। চিজ, উচ্চ চিনিযুক্ত খাবার এবং মেয়োনিজ খাওয়া থেকে বিরত থাকুন। এই সব প্রক্রিয়াজাত খাবার শরীরে হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি করে। এর ফলে চুল পড়ার সমস্যা বেড়ে যায়।

৩. খেয়াল রাখতে হবে যেন বৃষ্টির জল মাথায় বসে না যায়। কারণ বৃষ্টির জলে প্রচুর অ্যাসিড ও নোংরাও থাকে, যা চুলের ক্ষতি করে। তাই বৃষ্টিতে ভিজে গেলে বাড়ি ফিরে চুলে শ্যাম্পু করে নিন।

৪. চুল ভেজা অবস্থায় সবচেয়ে বেশি দুর্বল থাকে। তাই ভেজা অবস্থায় চুল বাঁধবেন না এবং আঁচড়াবেন না। এতে চুলের ক্ষতি হয়। তাই প্রাকৃতিক হাওয়া বা ফ্যানের নিচে চুল ভালোভাবে শুকিয়ে নিন।

৫. মেথি চুলের জন্য খুবই উপকারী। তাই মেথি দানা গুঁড়ো করে নারকেল তেল গরম করে নিয়ে মেথির গুঁড়োর সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণ রাতে ঘুমানোর আগে ভালো করে মাথায় মালিশ করে নিন। সকালে উঠে শ্যাম্পু করে নিলেই হবে। সপ্তাহে তিন দিন এই মিশ্রণ মাথায় লাগালেই চুল পড়ার সমস্যা থেকে সমাধান পাবেন।

চুল মানুষের সৌন্দর্য বাড়ায়। কথায় আছে, “দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না’’ তেমনি চুল থাকতে চুলের যত্ন নেওয়া প্রয়োজন। সময় থাকতে সঠিক উপায়ে চুলের যত্ন নিন...