সাজগোজের দুনিয়ায় লিপস্টিক যেন এক জাদুকাঠি। মুহূর্তে মুখের চেহারা বদলে দিতে পারে এই ছোট্ট প্রসাধনী। অফিসের হালকা মেকআপ হোক কিংবা বিয়েবাড়ির জমকালো সাজ- ঠোঁটে রঙ না থাকলে সাজ যেন অসম্পূর্ণই থেকে যায়। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রিয় লিপস্টিকটি ড্রয়ারে পড়ে থাকতে থাকতে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। তখন অনেকেই সেটিকে ব্যবহারের অযোগ্য ভেবে ফেলে দেন। অথচ বিশেষজ্ঞদের মতে, সামান্য কিছু ঘরোয়া উপায়েই শুকিয়ে যাওয়া লিপস্টিককে আবার নতুনের মতো ব্যবহার করা সম্ভব।
সবচেয়ে সহজ উপায় হল নারকেল তেল ব্যবহার করা। যদি দেখেন ম্যাট লিপস্টিক একেবারে শক্ত হয়ে গেছে, তবে তাতে দু-তিন ফোঁটা খাঁটি নারকেল তেল মিশিয়ে দিন। এরপর একটি পরিষ্কার কাঠি বা টুথপিক দিয়ে ভালো করে নেড়ে নিলেই লিপস্টিক আবার মসৃণ হয়ে উঠবে। এতে ঠোঁটে লাগানোর সময় ময়েশ্চারাইজারের কাজও করবে।
আরও একটি সহজ পদ্ধতি হল গরম জলের ব্যবহার। একটি পাত্রে ফুটন্ত গরম জল নিয়ে তাতে লিপস্টিকের টিউবটি তিন-চার মিনিট ডুবিয়ে রাখুন। জলের তাপে লিপস্টিকের ভেতরে জমে থাকা মোম ও রং নরম হয়ে যায় এবং আবার ব্যবহারযোগ্য হয়ে ওঠে। দ্রুত মেকআপ করার জন্য এই পদ্ধতি বেশ জনপ্রিয়।
এছাড়া অ্যালোভেরা জেলও কাজে লাগতে পারে। শুকিয়ে যাওয়া লিপস্টিকে সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে দিলে তা আগের মতো নরম হয়ে যায়। একই সঙ্গে এটি ঠোঁটকে আর্দ্র রাখে এবং রঙও দীর্ঘ সময় ধরে টিকে থাকে।
তবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে- লিপস্টিকের মেয়াদ (expiry date) পেরিয়ে গিয়েছে কিনা তা আগে দেখে নেওয়া জরুরি। যদি লিপস্টিক থেকে অস্বাভাবিক গন্ধ বের হয় বা ব্যবহার করার পর ঠোঁটে জ্বালা বা চুলকানি হয়, তবে সেটি ব্যবহার না করাই ভালো।
সামান্য এই ঘরোয়া কৌশলগুলো জানলে আর শুকিয়ে যাওয়া লিপস্টিক ফেলে দিতে হবে না। বরং কয়েক মিনিটেই ফিরে আসবে আপনার প্রিয় প্রসাধনীর পুরনো জৌলুস।