Calcutta Television Network

শহর গড়ার স্বপ্ন? পড়ুন প্ল্যানিং ইঞ্জিনিয়ারিং

শহর গড়ার স্বপ্ন? পড়ুন প্ল্যানিং ইঞ্জিনিয়ারিং

3 March 2026 , 10:37:16 am

গুহামানবের বসতি থেকে আধুনিক ‘স্মার্ট সিটি’- মানবসভ্যতার অগ্রযাত্রার নেপথ্যে রয়েছে এক গুরুত্বপূর্ণ বিদ্যা, নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদ্যা। খ্রিস্টপূর্ব ২৫০০ সালের সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া বা মিশরীয় সভ্যতা- সব ক্ষেত্রেই ছিল নকশাভিত্তিক নগরায়ন, সুসংগঠিত সড়ক ও নিকাশী ব্যবস্থা। সময়ের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি, শিল্পবিপ্লব এবং জলবায়ু পরিবর্তনের চাপে পরিকল্পনাবিদ্যার গুরুত্ব আরও বেড়েছে।

আধুনিক শহরে জনঘনত্ব সামাল দেওয়া, পরিবেশ রক্ষা, প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট সিটি’ গড়ে তোলা- সব ক্ষেত্রেই প্রয়োজন পেশাদার পরিকল্পনাবিদ। নীতি আয়োগ-এর পরিসংখ্যানও বলছে, ভারতে এই পেশার চাহিদা ক্রমশ বাড়ছে।

পরিকল্পনাবিদের কাজ কী? সহজভাবে বললে, জীবনযাত্রার মানোন্নয়নের নকশা তৈরিই তাঁদের কাজ। শহর ও জেলার উন্নয়ন পরিকল্পনা, পরিবেশ সুরক্ষা, পরিকাঠামো গঠন, এমনকি তথ্য বিশ্লেষণ করে সরকারি নীতি নির্ধারণেও তাঁরা যুক্ত থাকেন। জিআইএস, ডেটা অ্যানালিসিস ও ভিজ্যুয়ালাইজ়েশন টুল ব্যবহার তাঁদের কাজের অংশ।

দ্বাদশ শ্রেণিতে গণিত থাকলেই যে কোনও বিভাগের পড়ুয়া এই বিষয়ে স্নাতক স্তরে ভর্তি হতে পারেন (ন্যূনতম ৫০-৬০% নম্বর প্রয়োজন)। অধিকাংশ প্রতিষ্ঠানে বি-প্ল্যান কোর্সে ভর্তির জন্য JEE Main–এর পেপার বি লাগে। কিছু ক্ষেত্রে CUET UG–এর নম্বরও গ্রহণ করা হয়।

স্নাতকোত্তরে এমপ্ল্যান (Master of Planning) করতে হলে বিই/বিটেক/বিআর্ক/বিপ্ল্যান বা ভূগোল, অর্থনীতি, পরিবেশ বিজ্ঞান প্রভৃতি বিষয়ে স্নাতক হতে হয়। প্রবেশিকার মধ্যে রয়েছে GATE বা CUET PG।

কোথায় পড়বেন? দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার দিল্লি, আইআইটি খড়্গপুর, সেপ্ট বিশ্ববিদ্যালয়, আমদাবাদ, আন্না বিশ্ববিদ্যালয়, চেন্নাই, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-র বিভিন্ন শাখায়।

সরকারি দফতর, বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে পরিকল্পনাবিদদের কাজের সুযোগ রয়েছে বিস্তর। শহর গড়ার স্বপ্ন দেখলে... পরিকল্পনাই হতে পারে আপনার ভবিষ্যতের পেশা।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN