দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় নতুন গতি আনল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যজুড়ে নবম ও দশম শ্রেণির শিক্ষক পদপ্রার্থীদের তথ্য যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া খুব শিগগিরই শুরু হতে চলেছে। এমনকি রাজ্যে ভোটের আবহের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া চলবে বলেও স্পষ্ট করা হয়েছে।
কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৩ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত নবম-দশম শ্রেণির শিক্ষক পদপ্রার্থীদের তথ্য যাচাই এবং ইন্টারভিউ নেওয়া হবে। এই প্রক্রিয়াটি জেলাভিত্তিক আঞ্চলিক দফতরে অনুষ্ঠিত হবে। কোন দিনে কোন বিষয়ে প্রার্থীদের তথ্য যাচাই ও সাক্ষাৎকার নেওয়া হবে, তা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
শুধু নবম-দশম নয়, একই সঙ্গে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরবর্তী পর্যায়ের কাউন্সেলিংও শুরু হতে চলেছে। এই কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রার্থীদের সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। কমিশনের ঘোষণা অনুযায়ী, ২৪ মার্চ থেকে ৮ মে পর্যন্ত এই কাউন্সেলিং চলবে।
একাদশ-দ্বাদশ শ্রেণির প্রার্থীদের কাউন্সেলিং হবে কলকাতারআচার্য সদনে কেন্দ্রীয়ভাবে। কোন দিনে কোন বিষয়ের কাউন্সেলিং হবে, সেই সূচিও কমিশনের তরফে আলাদা করে জানানো হবে।
ইতিমধ্যেই কমিশন জানিয়েছে, সাতটি বিষয়ে মোট ১৮২ জন প্রার্থীর তথ্য যাচাই সম্পন্ন হয়েছে। ফলে শিক্ষক নিয়োগের দীর্ঘসূত্রতা কাটিয়ে এবার ধাপে ধাপে প্রক্রিয়া এগোচ্ছে বলেই মনে করা হচ্ছে।