দেশের শীর্ষ বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন দেখেন বহু ছাত্রছাত্রী। সেই স্বপ্নপূরণের অন্যতম পথ হল ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER)। চলতি শিক্ষাবর্ষে আইসার-এ স্নাতক স্তরে ভর্তির জন্য শুরু হচ্ছে প্রবেশিকা পরীক্ষার আবেদন প্রক্রিয়া।
আইসার-এ ভর্তির জন্য আয়োজন করা হয় আইসার অ্যাপ্টিটিউড টেস্ট (আইএটি)। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ভর্তি নেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হল, এখানে Joint Entrance Examination Main বা JEE Main-এর নম্বরের কোনও গুরুত্ব নেই।
এই বছর ছাত্রছাত্রীরা শুধু IISER Kolkata নয়, দেশের আরও ছয়টি আইসার প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ফলে বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা করতে আগ্রহীদের কাছে এটি একটি বড় সুযোগ।
২০২৬ সালের আইএটি পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ মার্চ থেকে এবং চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। আবেদনপত্রে যদি কোনও ভুল থাকে, তা সংশোধনের সুযোগ থাকবে ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত। পরীক্ষার আগে ২৪ মে প্রকাশ করা হবে অ্যাডমিট কার্ড। আর প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ জুন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
যোগ্যতার ক্ষেত্রে জানানো হয়েছে, আবেদনকারীদের ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি যাঁদের বিজ্ঞান বিভাগে তিন বছরের ডিপ্লোমা রয়েছে, তাঁরাও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
রেজিস্ট্রেশন করতে হলে পরীক্ষার্থীদের আইসার ভর্তি সংক্রান্ত সরকারি ওয়েবসাইটে গিয়ে ‘Apply for IAT 2026 লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদনপত্র পূরণ করে নির্ধারিত ফি জমা দিতে হবে।