৯ কোটি টাকার ঋণ ফেরত দিতে না পারায় বাধ্য হয়ে তিহাড় জেলে আত্মসমর্পণ করেছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। এই অভিনেতাকে মূলত হাসির চরিত্রে পাঠ করতে দেখা যায়। তবে,পর্দার সামনে যতই তিনি হাস্যকৌতুকের চরিত্রে অভিনয় করুক না কেন বাস্তব জীবনে এখন সম্মানের সঙ্গে দিন কাটানো বেশি কষ্টকর হয়ে উঠেছে। বলাই বাহুল্য, অভিনেতার এমন বিপদের দিনে তার অনেক সহকর্মীরাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এইসব কিছুর মাঝেই আচমকা খবর ছড়িয়ে পড়ে যে সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে গেছেন অভিনেতা। সত্যিই কি তাই? এই প্রসঙ্গে প্রকাশ্যে মন্তব্য করলেন রাজপালের স্ত্রী রাধা যাদব।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে উঠেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সংশোধনাগার থেকে বেরিয়ে আসছেন রাজপাল। এই ভিডিও দেখে এক মুহূর্তে অনেকে ভেবে নেন অবশেষে হয়তো সংশোধনাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। তারপরে খোঁজ নিয়ে জানা গেল, ভাইরাল হওয়া ভিডিওটি আদতে অনেক পুরনো। এই বিষয়ে সংবাদমাধ্যমকে রাধা বলেছেন আপাতত অভিনেতা তিহাড় জেলেতেই রয়েছেন আগামী জামিনের শুনানির তারিখ রয়েছে সোমবার অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে সংশোধনাগারে কেমন আছেন অভিনেতা? এই প্রশ্নের উত্তরে রাজপালের পত্নী জানান, তিনি মনে করেন, তাঁর স্বামী ঠিক আছে।
এরপর, যাদব পরিবারের সদস্যদের মনের অবস্থা জিজ্ঞাসা করতেই রাধা বলেন, এই মুহূর্তে সকলেই তারা একজোট হয়ে রয়েছেন। পরিবারের এই কঠিন সময় তাঁরা একসঙ্গে আছেন। ইন্ডাস্ট্রি এবং অভিনেতার অনুরাগীদের থেকে যে পরিমাণ সমর্থন পাচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্যদিকে আবার শুনতে পাওয়া যাচ্ছে, অক্ষয় কুমার এবং অজয় দেবগণ রাজপালকে সাহায্য করেছেন। কিন্তু এই প্রসঙ্গে অভিনেতার স্ত্রী জানান, তিনি কোন বিশেষ ব্যক্তির নাম মুখে নিতে পারবেন না। তবে এইটুকু জানাতে পারেন যে ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে সাহায্য করেছেন। আশা করা যাচ্ছে, অভিনেতা খুব তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে আসবেন। সেই সময় পুরো বিষয়টি নিয়ে স্বয়ং রাজপালই পুরোটা জানাবেন।