'জয়ী' সিরিয়ালের হাত ধরে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। তারপর থেকে একাধিক সিরিয়ালে কাজ করতে দেখা গেছে এই অভিনেতাকে। এখন আবার ছোটপর্দার গুন্ডি পেরিয়ে বড়পর্দাতে কাজ করতে শুরু করেছেন দিব্যজ্যোতি। এতদিন দর্শকেরা তাঁকে 'অনুরাগের ছোঁয়া'র সূর্য বলেই চিনে এসেছে। কিন্তু, এখন ক্যারিয়ারে এক ধাপ এগিয়ে যাওয়ায় নতুন করে বড়পর্দায় জার্নি শুরু করেছেন। এই সূত্র ধরে বলা ভালো, এবার রুপোলি পর্দায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। দিব্যজ্যোতির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন 'ফুলকি' ধারাবাহিকের নায়িকা অর্থাৎ দিব্যানী মণ্ডলকে।
ছোটপর্দার দুই মুখ নতুন করে রুপোলি পর্দার জন্য জুটি বাঁধতে চলেছেন। শোনা যাচ্ছে আসন্ন সিনেমার প্রযোজনার দায়িত্বে থাকছেন রানা সরকার। এক কথায় বলে যেতে পারে, টেলিভিশনের দুই পরিচিত অভিনেতা-অভিনেত্রীর উপরে অগাধ ভরসা রেখেছেন পরিচালক এবং প্রযোজকরা। প্রেম দিবসের প্রাক্কালে আসন্ন এই সিনেমার পোস্টার প্রকাশ্যে এসেছে। আসন্ন এই সিনেমার নাম 'রেড ফ্ল্যাগ'। জানা যাচ্ছে, এই সিনেমাটির নামের মধ্যে লুকিয়ে রয়েছে একটি অন্য ধরনের গল্প। এই গল্পে ভালোবাসা কিংবা প্রেমকে মূলত 'রেড ফ্ল্যাগ' বলে বোঝানো হয়েছে। এই সিনেমায় আবার দিব্যজ্যোতি এবং দিব্যানীকে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্যে অভিনয় করতেও দেখা যাবে।
আসন্ন সিনেমার কাহিনীতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের ভূমিকা অভিনয় করবে দিব্যজ্যোতি। অন্যদিকে, হিমেল হাওয়ার মতন অভিনেতার জীবনে প্রবেশ করবে গল্পের নায়িকা। এরপর থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করবে। রেড ফ্ল্যাগ সিনেমার পাশাপাশি পর্দার 'ফুলকি'কে দেখতে পাওয়া যাবে কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জীবনী সিনেমায়। এই ছবিতে দিব্যানিকে মহুয়ার কিশোরী বেলার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অন্যদিকে আবার, সৃজিত মুখার্জী'র 'লহ গৌরাঙ্গের নাম রে' সিনেমার হাত ধরে বড় পর্দায় পদার্পণ করেন দিব্যজ্যোতি। এখন দেখার বিষয় এটাই যে, মেগা দুনিয়ার জনপ্রিয় দুই মুখ বড় পর্দায় জুটি কতটা দর্শকদের মন জয় করতে পারবে?