টলিউড মহলে আসছে দেব অভিনীত 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা' নামের এক সিনেমা। এই গল্পে বাস্তবের চরিত্র করিমুল হকের জীবনী পর্দায় তুলে ধরা হবে। যাঁরা দেব ভক্ত রয়েছেন তাঁরা জানেন ইতিমধ্যেই এই সিনেমার পোস্টার প্রকাশ্যে এসেছে। এমনকি, ছবির শুভ মহরৎ সেরে ফেলেছেন অভিনেতা। চলতি সপ্তাহের ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার আসন্ন সিনেমার গোটা টিম শুভ মহরৎ-এ উপস্থিত ছিলেন। এমনকি, এই দিনের বেশ কিছু মুহূর্ত-এর ফটো সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। এই সিনেমার শুভ মহরতের কিছু ফটো সমাজ মাধ্যমে পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন "নতুন যাত্রা, নতুন শুরু'। এদিন অভিনেতার পরনে ছিল নীল এবং সাদা রঙের পাজামা পাঞ্জাবি। এরই সঙ্গে নজর কেড়েছে দেবের মুখের চওড়া হাসি।
অভিনেতা তাঁর ফটো নেট ভুবনে পোস্ট করা মাত্রই ভালোবাসায় উপচে পড়েছে তার মন্তব্য বাক্স। অনেকেই তাকে আগামী সিনেমার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আগে থেকে বলে রাখা ভালো, এই সিনেমা তাঁর পঞ্চাশতম ছবি হতে চলেছে। তাই, খুব স্বাভাবিকভাবেই আসন্ন সিনেমার জন্য অভিনেতা-সহ তাঁর সকল অনুরাগীরাই বেশ আগ্রহী হয়ে রয়েছেন। জানা যাচ্ছে, এই সিনেমা মুক্তি পেতে পারে স্বাধীনতা দিবসের প্রাক্কালে। প্রকাশ্যে এসেছে পোস্টার, এদিকে শুভ মহরত হয়ে গিয়েছে। এবার শুধু সিনেমা শুটিংয়ের পালা। এই সিনেমার শুটিং কবে থেকে শুরু হবে তা সঠিকভাবে না জানা গেলেও খুব শীঘ্রই যে শুটিং শুরু হবে তার স্পষ্ট।
'বাইক অ্যাম্বুল্যান্স দাদা' সিনেমার জন্য শুটিং হবে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে। প্রসঙ্গত, যার বাস্তবিক জীবনী নিয়ে সিনেমা হবে তিনি হলেন জলপাইগুড়ি জেলার রাজাডাঙার ধলাবাড়ির বাসিন্দা। বলাই বাহুল্য, ইতিমধ্যে এই সিনেমার গল্প ঠিক কোন বিষয়কে কেন্দ্র করে হতে চলেছে তা কম বেশি অনেকেই জানেন। বাস্তবের অ্যাম্বুলেন্স দাদা অর্থাৎ করিমুল হক সমাজসেবা করার জন্য গত ২০১৭ সালের 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত হন। অনেকের মতে, আসন্ন এই সিনেমায় দেবকে যে চরিত্রে দেখা যাবে এর আগে দর্শকেরা তাঁকে এমন চরিত্রে অভিনয় করতে দেখেনি। তাই, খুব স্বাভাবিকভাবেই দেব ভক্তরা আগ্রহী হয়ে রয়েছেন যে, বাস্তব মাটির এই গল্প ঠিক কতটা দর্শকদের মন জয় করতে পারবে?