যিশু সেনগুপ্ত নিজস্ব প্রোডাকশন হাউস খুলেছে তার বয়স এক বছরও হয়নি। আগামী পয়লা বৈশাখ এলে এক বছরে পা দেবে সেই প্রোডাকশন হাউস। ‘হোয়াই সো সিরিয়াস’ নামের এই প্রযোজনা সংস্থা কেবল যিশুর একারই নয়, বরং অভিনেতা সৌরভ দাসও এর সঙ্গে সমানভাবে যুক্ত আছেন। ইতিমধ্যেই এই প্রোডাকশন হাউস এমন কিছু কাজ করেছে, যা বড় কোনো ফিচারের মধ্যে পড়ে না। তবে, সম্প্রতি যে খবর জানা যাচ্ছে সেটা কিন্তু বেশ সিরিয়াস। প্রথমবারের মত এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
এদিকে আবার ইন্ডাস্ট্রি সূত্র মারফত খবর, ‘হোয়াই সো সিরিয়াস’-এর পক্ষ থেকে টলিউডের এই দুই তারকার কাছে ছবির প্রস্তাব গিয়েছে। এমনকি, এই সিনেমাতে নাকি স্বয়ং যিশু সেনগুপ্তও অভিনয় করবেন। শোনা যাচ্ছে, প্রসেনজিৎ এখনও ছবির প্রস্তাব নিয়ে বিবেচনা করছেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে একসঙ্গে সিনেমা তৈরির কাজ শুরু করা যাবে। প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে পদ্মশ্রী' সম্মানে ভূষিত হয়েছেন টলিউড 'ইন্ডাস্ট্রি'র প্রসেনজিৎ। এই খবর নিঃসন্দেহে বঙ্গবাসীর কাছে খুশির খবর।
এরপরই শোনা যাচ্ছে, যিশু, শুভশ্রী এবং প্রসেনজিৎ একসঙ্গে পর্দায় কাজ করতে চলেছে, নিঃসন্দেহে একথা অন্যান্য খবরের মতই বড় খবর হতে চলেছে। এখন অনেকের মনেই প্রশ্ন জগতে পারে, আসন্ন সিনেমার পরিচালক কে? কানাঘুষো শুনতে পাওয়া যাচ্ছে, এই গল্প পরিচালনা করতে চলেছে ইন্দ্রদীপ দাসগুপ্ত। এই পরিচালকের পরিচালনাতেই তৈরী হয়েছে সিনেমা ‘গৃহপ্রবেশ’। যদিও এই সিনেমা প্রসঙ্গে নির্মাতাদের তরফ থেকে এখনও কিছু জানা যায়নি। সবকিছু ঠিকঠাক চললে ইন্দ্রদীপ চলতি বছরেই এই ছবির কাজ শুরু করতে পারেন।