প্রিয় তারকাকে কেউ যদি চোখের সামনে দেখে তাহলে কজনই বা রয়েছে যাঁরা নিজেদের আবেগকে ধরে রাখতে পারে। এক কথায়, প্রিয় তারকাকে চোখের সামনে দেখে অনুরাগীদের উচ্ছ্বাস বাঁধ মানতে চায় না। তবে, এই অনুরাগীদের উচ্ছাস আবার এক একজনের এক এক রকমের হয়। কারোর চোখে থাকে জল, তো কেউ আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সম্প্রতি, শোনা যাচ্ছে অমিতাভ বচ্চনকে ঘিরে সৃষ্টি হয়েছিল বিশৃঙ্খলার। জানা যাচ্ছে, গুজরাতে অমিতাভ বচ্চনকে দেখতে এসেছিল শত শত অনুরাগী। আর, সেখানেই অভিনেতার নিরাপত্তা বলয়কে ঘিরে অনুরাগীরা যা করলেন, তাতে রীতিমতো অবাক গিয়েছেন স্বয়ং শাহেনশাও!
চলুন, ব্যাপারটা একটু খোলসা করে জেনে নেওয়া যাক। চলতি সপ্তাহের শুক্রবার অভিনেতা গুজরাটের সুরাটে গিয়েছিলেন ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর তৃতীয় সিজনের উদ্বোধনী অনুষ্ঠানে। তবে, অভিনেতা লাল ভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে যাওয়ার আগে গিয়েছিলেন পরম বন্ধু সুনীল শাহের সঙ্গে দেখা করতে। বন্ধুর সঙ্গে দেখা করে তাঁর বাড়ি থেকে বেরোনোর সময় অবাক করা অভিজ্ঞতার সম্মুখীন হন অভিনেতা। সেই সময়ের বিগ বি'কে দেখার জন্য অনুরাগীদের ভিড় সৃষ্টি হয়।
এমনকি, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, অনুরাগীদের ভিড়ে কিংবদন্তি অভিনেতার প্রায় চিড়ে চ্যাপ্টা হয়ে যাওয়ার জোগাড়। শাহেনশা তাঁদের হুরোহুরি থামানোর জন্য অনুরোধ করলেও তাঁর কথা কেউই শোনেনি। এরপরে, শুরু হয় ধাক্কাধাক্কি। এমনকি, অভিনেতার অনুরাগীরা আবাসনের প্রবেশপথের কাচ ভেঙে চুরমারও করে। এই পুরো ঘটনায় ভিডিওর আকারে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই রাতারাতি তা ভাইরাল হয়ে ওঠে। জানা যাচ্ছে, হুরোহুরি ও ধাক্কার জেরে নাকি বেশ কয়েকজন আহতও হয়েছে। তবে, অবশেষে ঘটনা দেখে এটা বলা যেতে পারে, একেই হয়তো বলে 'ভালোবাসার পরাকাষ্ঠা'।