মাঝে প্রায় এক দশক। আবার শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। নতুন মরশুমে প্রতিযোগীদের নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। ভালই টিআরপি যাচ্ছে শো-টির। তবে অনুষ্ঠানের শুরু থেকেই আরও একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে বারবার! ‘বিগ বস’-এর সেই পরিচিত গম্ভীর কণ্ঠের নেপথ্যে কে? এত দিন এই বিষয়টি নিয়ে নানা জল্পনা ও চাপানউতোড় ছিলই। অবশেষে মুখ খুললেন বাচিকশিল্পী ও অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায়।
সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে সোহন জানিয়েছেন, ‘বিগ বস বাংলা’র প্রথম দুই মরশুমে, অর্থাৎ ২০১৩ এবং ২০১৬ সালে তিনিই ‘বিগ বস’-এর কণ্ঠস্বর দিয়েছিলেন। এত দিন বিষয়টি তিনি প্রকাশ্যে কখনোই স্বীকার করেননি। তাঁর কথায়, খুব ঘনিষ্ঠ মহলের বাইরে এ নিয়ে সরাসরি আলোচনাই করতে চাননি তিনি। সোহন জানান, শোয়ের প্রথম দুই মরশুমের বেশ কয়েক জন প্রতিযোগী অনুষ্ঠান শেষে তাঁকে দেখতে পাওয়ায় বিষয়টি তাঁদের প্রত্যেকের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। এরপর ধীরে ধীরে ছোট পরিসরের বিনোদন জগতে এই তথ্য নিয়ে বিভিন্ন সময়ে আলোচনাও শুরু হয়। অনেকেই পূর্বানুমান করেছিলেন যে, ওই দুই মরশুমে ‘বিগ বস’-এর কণ্ঠের নেপথ্যে ছিলেন সোহন ব্যানার্জী। তবে নতুন মরশুমের জন্য একটি গুরুত্বপূর্ণ খবরও দিয়েছেন তিনি। এ বার আর ‘বিগ বস বাংলা’র কোনোপ্রকার অংশ নন সোহন। অতীতে এই চরিত্রের জন্য কণ্ঠাভিনয় করলেও নতুন সংস্করণে তিনি কাজ করছেন না। তাঁর দাবি, প্রযোজনা সংস্থার সঙ্গে এ বিষয়ে দীর্ঘদিন আলোচনা চলেছিল। সংস্থার পক্ষ থেকেও তাঁকে ফের অনুষ্ঠানে যুক্ত করার আগ্রহ দেখা গিয়েছিল। কিন্তু গত ১০ বছরে তাঁর কাজ, পরিসর, ব্যক্তিগত পরিস্থিতি এবং আর্থিক চাহিদায় অনেক কিছুই পরিবর্তন এসেছে। দু’পক্ষের চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত সব বিষয়ে সমঝোতায় আসা সম্ভব হয়নি। তাই নিজের অত্যন্ত পছন্দের এই কাজটি এ বার ছেড়ে দিতে হয়েছে তাঁকে। সোহন জানিয়েছেন, নতুন মরশুমে অন্য কোনও শিল্পী ‘বিগ বস’-এর কণ্ঠ ও চরিত্রকে তুলে ধরবেন। কণ্ঠস্বর ভেসে আসবে নিত্য। তবে নতুন ‘বিগ বস’-এর কণ্ঠের মালিক কে, তা এখনও প্রকাশ্যে আনেননি নির্মাতারা। ফলে নতুন মরশুমে সেই রহস্যময় কণ্ঠের পিছনে কোন শিল্পী রয়েছেন, তা জানার অপেক্ষায় রয়েছেন এই শোয়ের দর্শকেরা।