ভিয়েতনামের নায়া ট্রাং শহরে অনুষ্ঠিত ৭৩ তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিশ্ব সুন্দরীর মুকুট অর্জন করেছেন ডোমিনিকান রিপাবলিকের জোইরি মোলা। প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে বিশ্বের ১১০ দেশের সুন্দরীদের পেছনে ফেলে তিনি এই গৌরবময় খেতাব নিজের করে নেন। প্রতিযোগিতায় স্পেনের এলিসাবেথ রেইনস প্রথম রানার আপ এবং মালয়েশিয়ার তানুসিয়া শেঠি দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।
৪৪ বছর পর ডোমিনিকান রিপাবলিকের জন্য এটি দ্বিতীয় মিস ওয়ার্ল্ড খেতাব। এর আগে ১৯৮২ সালে দেশটির মারিয়াসেল আলভারেজ প্রথম মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেছিলেন। পেশায় একজন শিক্ষিকা ও সাংবাদিক জোইরি মোলা সমাজসেবামূলক প্রতিষ্ঠান 'ভয়েসেস অফ টুমরো'-র প্রতিষ্ঠাতা এবং সভাপতি। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের ইংরেজি শিক্ষাদানের মাধ্যমে তাদের জীবন পরিবর্তনে কাজ করে চলেছেন। তাঁর এই অর্জন কেবল ডোমিনিকান রিপাবলিক নয়, পুরো লাতিন আমেরিকার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তার এই সাফল্যে বিশ্বজুড়ে আনন্দের জোয়ার বইছে।