টলিউড মহলে 'কাকাবাবু' চরিত্রটির আলাদা 'ফ্যানবেস' রয়েছে। নিঃসন্দেহে বলা যেতে পারে, আট থেকে আশি সব বয়সীর সিনেপ্রেমীরাই এই চরিত্রকে ভালোবাসেন। শোনা যাচ্ছে, কাকাবাবু নাকি ২০২৭ সালে আবারও ফিরতে চলেছেন বড়পর্দায়। সম্প্রতি, টলিউডের জনপ্রিয় এই ফ্যাঞ্চাইজির পঞ্চম সিনেমার কথা ঘোষণা করলেন ‘এসভিএফ’ ও ‘এনআইডিয়াজ’ প্রযোজনা সংস্থা। ‘বিজয়নগরের হিরে’র পর সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ‘ভয়ংকর সুন্দর’ নিয়ে ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই 'কাকাবাবু'র অনুরাগীরা আবারও তাঁকে পর্দায় দেখার জন্য আগ্রহী হয়ে উঠেছেন।
‘ভয়ংকর সুন্দর’ সিনেমা পরিচালনার দায়িত্বে থাকছেন চন্দ্রাশিস রায়। বলাই বাহুল্য, সবে মাত্র কিছুদিন হল ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন প্রসেনজিৎ। আসন্ন ছবির প্রসঙ্গে অভিনেতা জানান, কাকাবাবু কেবল একটা চরিত্র নয়, এটা একটা আলাদা অনুভূতি। এই অনুভূতিটা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলে আসছে। এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা করার পরে যে ভালোবাসা পেয়েছেন, তা কাহিনীর কলাকুশলীদের মন ছুঁয়ে গেছে। দর্শকদের মাঝে এই ছবির কথা ঘোষণা করার পরে, গোটা মুহূর্তটাকে আরও বিশেষ করে তুলেছে।
প্রসেনজিৎ আরও বলেন, তিনি সুনীল গঙ্গোপাধ্যায়কে সম্মান জানানোর সঙ্গে কাকাবাবু চরিত্রকে আরও প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করেন। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।কাকাবাবু ফ্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা মুক্তি পেয়েছে গত জানুয়ারী মাসে। এই সিনেমার জন্য অভিনেতা স্বয়ং প্রায় প্রতিটা প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকের প্রতিক্রিয়া সরাসরি দেখেছেন। সেখানে প্রসেনজিৎ-সহ সিনেমার নানা কলাকুশলীরা একটি প্রশ্নেরই সম্মুখীন হয়েছেন, 'পরের কাকাবাবু কবে আসবে?' সেই সময়তেই ছবির নির্মাতারা আসন্ন সিনেমার কথা ঘোষণা করেন। কাকাবাবু ফ্রাঞ্চাইজি সিনেমার নাম প্রকাশ্যে এলেও কাহিনীতে কাকে কাকে দেখা যাবে তা এখনও খোলসা করা হয়নি। তবে এ বারের ছবি তৈরি হবে কাশ্মীরের প্রেক্ষাপটে।