আজকের জীবনে স্মার্টফোন অপরিহার্য- কিন্তু অতিরিক্ত ব্যবহার কি অজান্তেই আমাদের মস্তিষ্ককে দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দিচ্ছে? সাম্প্রতিক গবেষণা বলছে, দীর্ঘ সময় স্ক্রিনে ডুবে থাকা শুধু চোখের সমস্যা নয়, বরং ‘প্রি-ম্যাচিউর ব্রেন এজিং’-এর ঝুঁকিও বাড়াচ্ছে।
কীভাবে ক্ষতি করছে স্মার্টফোন? স্মার্টফোন থেকে নির্গত নীল আলো শরীরের 'সার্কাডিয়ান রিদম'-কে বিঘ্নিত করে। ফলে ঘুমের জন্য জরুরি মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমে যায়। এর প্রভাব পড়ে শরীরের কোষ পুনর্গঠন প্রক্রিয়ায়-যা দীর্ঘমেয়াদে বার্ধক্য ত্বরান্বিত করতে পারে।
গবেষকরা আরও জানিয়েছেন, অতিরিক্ত স্ক্রিন টাইম মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ- প্রি-ফ্রন্টাল কর্টেক্স (সিদ্ধান্ত নেওয়া) ও হিপোক্যাম্পাস (স্মৃতি)-এর উপর নেতিবাচক প্রভাব ফেলে। ফলে মনোযোগ কমে, ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়।
'ডিজিটাল এজিং' এখন নতুন বিপদ... শুধু মস্তিষ্ক নয়, শরীরেও এর ছাপ পড়ছে। নীল আলো ত্বকের কোলাজেন ক্ষয় করে, ফলে বলিরেখা, চোখের নিচে কালি-এই সব সমস্যা দ্রুত দেখা দেয়। পাশাপাশি দীর্ঘক্ষণ নিচু হয়ে ফোন দেখার ফলে ঘাড় ও মেরুদণ্ডেও চাপ পড়ে।
এর থেকে বাঁচার উপায় কী? ঘুমানোর অন্তত ১ ঘণ্টা আগে ফোন দূরে রাখুন, সকালে উঠে প্রথমেই স্ক্রিন নয়, প্রাকৃতিক আলোতে সময় কাটান। নিয়মিত ‘ডিজিটাল ডিটক্স’ করুন। সুষম খাদ্য ও পর্যাপ্ত ঘুম বজায় রাখুন।
স্মার্টফোন প্রয়োজনীয়, কিন্তু অতিরিক্ত নির্ভরতা বিপজ্জনক। প্রযুক্তিকে ব্যবহার করুন, কিন্তু তার দাস হবেন না... এটাই সুস্থ মস্তিষ্ক ও শরীরের চাবিকাঠি।