চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে এসেছে আইআইআইটি কল্যাণী। প্রতিষ্ঠানে চুক্তির ভিত্তিতে ‘অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার’ পদে নিয়োগ করা হবে। এই পদে নির্বাচিত ব্যক্তিকে মূলত ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে হবে। ফলে প্রশাসনিক কাজের পাশাপাশি শিক্ষার্থীদের কেরিয়ার গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিকভাবে ১১ মাসের চুক্তিতে নিয়োগ করা হবে। তবে প্রয়োজন ও প্রতিষ্ঠানের সিদ্ধান্ত অনুযায়ী এই মেয়াদ বাড়তে পারে। নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ৮৯,৭৬০ টাকা বেতন পাবেন। শিক্ষার্থীদের কেরিয়ার গাইডেন্স দেওয়া, বিভিন্ন কর্পোরেট ও আইটি সংস্থার সঙ্গে যোগাযোগ তৈরি করা এবং ক্যাম্পাস প্লেসমেন্ট ও ইন্টার্নশিপের আয়োজন করা হবে এই পদের অন্যতম প্রধান দায়িত্ব।
আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪৫ বছর। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যিক। পাশাপাশি আইআইটি, এনআইটি, আইআইআইটি, বিশ্ববিদ্যালয় অথবা কোনও বহুজাতিক সংস্থায় ট্রেনিং, প্লেসমেন্ট বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সংক্রান্ত কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। প্রথম শ্রেণির MBA ডিগ্রি থাকলে অগ্রাধিকার মিলবে।
আবেদন করতে হবে অনলাইনে (https://iiitkalyani.ac.in/)। ১৮ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে। এরপর আবেদনপত্রের প্রিন্টআউট এবং প্রয়োজনীয় নথির স্ব-প্রত্যায়িত কপি ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে প্রতিষ্ঠানে পাঠাতে হবে।
অর্থাৎ, যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা প্রার্থীদের জন্য এটি ভালো বেতনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও কেরিয়ার-সংক্রান্ত পদে কাজের সুযোগ।