রাষ্ট্রায়ত্ত সংস্থা GAIL (India) Limited-এ ২০২৭ শিক্ষাবর্ষে এগ্জ়িকিউটিভ ট্রেনি পদে নিয়োগের সুযোগ রয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল GATE 2027-এর স্কোর। বিজ্ঞপ্তি অনুযায়ী, GATE 2027-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই যোগ্য ইঞ্জিনিয়ারিং প্রার্থীদের প্রাথমিক ভাবে সংক্ষিপ্ত তালিকায় রাখা হবে। ফলে যাঁরা এই নিয়োগে আগ্রহী, তাঁদের GATE 2027 পরীক্ষায় বসা বাধ্যতামূলক।
কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন এবং মেকানিক্যাল-এই চারটি ইঞ্জিনিয়ারিং শাখায় এগ্জ়িকিউটিভ ট্রেনি নেওয়া হবে। সাধারণ প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার নম্বরে ৫ শতাংশ ছাড় দেওয়া হবে।
কেমিক্যাল শাখায় কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, পলিমার বা প্লাস্টিক টেকনোলজি; ইলেকট্রিক্যাল শাখায় ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার; ইনস্ট্রুমেন্টেশন শাখায় নির্দিষ্ট ইলেকট্রনিক্স ও কন্ট্রোল-সংক্রান্ত বিষয় এবং মেকানিক্যাল শাখায় মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল-সহ নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি প্রয়োজন।
২০২৬ সালে পাশ করা এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের চূড়ান্ত বর্ষের পড়ুয়ারাও আবেদন করতে পারবেন। ১৮ মার্চ ২০২৭-এর হিসাবে বয়স ২৬ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৭ ফেব্রুয়ারি ২০২৭ সকাল ১১টা থেকে এবং চলবে ১৮ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত। GATE 2027-এর রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে GAIL-এর ওয়েবসাইটে (gailonline.com বা careers.gail.co.in) আলাদা করে আবেদন করতে হবে। নির্বাচনের পরবর্তী ধাপ ও অন্যান্য শর্ত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাবে।