গবেষণার জগতে কাজ করার স্বপ্ন যাঁদের, তাঁদের জন্য বড় সুযোগ নিয়ে এল কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স বিভাগে গবেষণা প্রকল্পে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রকল্পটি পরিচালিত হবে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (ANRF)-এর অর্থানুকূলে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীকে একটি গবেষণা প্রকল্পে তিন বছর কাজ করার সুযোগ দেওয়া হবে। এই সময়ের মধ্যে প্রতি মাসে ৩০ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
যোগ্যতা কী লাগবে? এই পদে আবেদন করতে হলে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বায়োলজিক্যাল সায়েন্সে এমএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) অথবা Graduate Aptitude Test in Engineering (GATE) উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা রাখা হয়েছে ৩০ বছরের মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া কীভাবে? এই পদে প্রার্থী বাছাই করা হবে ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ২ এপ্রিল দুপুর ১২টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সেদিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় সমস্ত নথি সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে।
প্রয়োজনীয় নথি, শর্তাবলি এবং বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.caluniv.ac.in/) গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।