দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্মক্ষেত্র ভারতীয় রেলওয়ে (Indian Railways) আবারও খুলে দিল চাকরির বড় দরজা। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) পদে মোট ১১,১২৭ জন কর্মী নিয়োগ করতে চলেছে রেল মন্ত্রকের রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board)। ফলে সরকারি চাকরির অপেক্ষায় থাকা বহু তরুণ-তরুণীর কাছে এটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও রয়েছে বিশেষ সুযোগ। দশম শ্রেণি উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন, তবে তাঁদের অবশ্যই থাকতে হবে আইটিআই (ITI) সার্টিফিকেট। এই সার্টিফিকেটটি থাকতে হবে ন্যাশানাল কাউন্সিল ফর ভেকেশনাল বোর্ড (NCVT) অনুমোদিত কেন্দ্র থেকে। ফিটার, ইলেকট্রিশিয়ান, অটোমোবাইল, ইনস্ট্রুমেন্টেশনসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি যাঁরা ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাও আবেদন করার সুযোগ পাবেন।
নিযুক্ত প্রার্থীদের প্রাথমিক বেতন হবে মাসে ১৯,৯০০ টাকা, যা সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা যুক্ত হয়ে আরও বাড়তে পারে। কর্মস্থল হিসেবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর-যেমন কলকাতা, মালদহ, শিলিগুড়ি, ভুবনেশ্বর-সহ একাধিক রেল বিভাগের দফতরে কাজের সুযোগ মিলতে পারে।
নিয়োগ প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রার্থীদের প্রথমে কম্পিউটার বেসড টেস্ট (CBT) দিতে হবে। এরপর থাকবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং শেষ ধাপে মেডিক্যাল পরীক্ষা।
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। আবেদনপত্র জমা দেওয়ার পোর্টাল ১৫ মে থেকে ১৪ জুন পর্যন্ত খোলা থাকবে। বিস্তারিত তথ্য এবং আবেদন সংক্রান্ত নির্দেশিকা জানতে আগ্রহীরা ভারতীয় রেলের রিক্রুটমেন্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.rrbapply.gov.in/) দেখে নিতে পারেন।