কেন্দ্রের শক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) তরফে চাকরিপ্রার্থীদের জন্য এসেছে বড় সুযোগ। সংস্থার বিভিন্ন বিভাগে এক্সিকিউটিভ ট্রেনি (শিক্ষানবিশ) পদে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট ১৬টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে।
এই নিয়োগ মূলত ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (আইটি), মাইনিং এবং কেমিক্যাল বিভাগে কাজের জন্য। নির্বাচিত প্রার্থীরা ডিভিসির বিভিন্ন প্রকল্প ও প্রযুক্তিগত কাজে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। চাকরির সঙ্গে রয়েছে আকর্ষণীয় বেতন কাঠামো। সংস্থার নিয়ম অনুযায়ী, নির্বাচিতদের মাসিক বেতন ৫৬,১০০ টাকা থেকে শুরু হয়ে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত হতে পারে।
আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের GATE 2025 পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৯ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
নিয়োগের ক্ষেত্রে মূলত GATE 2025-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিক বাছাই করা হবে। এরপর প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ করা হবে সংশ্লিষ্ট পদে।
আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে দামোদর ভ্যালি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট-এ যেতে হবে। সেখানে হোমপেজে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশ অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
তবে এখানে জানিয়ে রাখা ভালো, ১০ এপ্রিল এই নিয়োগের জন্য আবেদন (https://www.dvc.gov.in/) করার শেষ তারিখ। তাই যারা কেন্দ্রীয় সংস্থায় প্রযুক্তিগত ক্ষেত্রে কাজ করার সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ সুযোগ।