কোয়ান্টাম কম্পিউটিং, নিউক্লিয়ার ফিজ়িক্স কিংবা মেশিন লার্নিং-এই আধুনিক গবেষণা ক্ষেত্রগুলিতে কাজ করার স্বপ্ন দেখেন যাঁরা, তাঁদের জন্য এল বিশেষ সুযোগ। দেশের অন্যতম নামী গবেষণা প্রতিষ্ঠান সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স (SINP)–এ রিসার্চ অ্যাসোসিয়েট পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে।
এই নিয়োগ হবে কেন্দ্রীয় ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি (DAE)–র অধীন একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রকল্পের জন্য। গবেষণার ক্ষেত্র হিসেবে থাকছে কোয়ান্টাম কম্পিউটিং, মেশিন লার্নিং, নিউক্লিয়ার অ্যাস্ট্রোফিজ়িক্স এবং নিউক্লিয়ার ফিজ়িক্সের মতো উচ্চস্তরের বিষয়। ফলে, এই সুযোগ শুধুমাত্র চাকরি নয়, বরং দেশের বিজ্ঞান গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হওয়ার এক বিরল সুযোগ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আবেদনকারীদের ফিজ়িক্যাল সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, উপরোক্ত গবেষণা ক্ষেত্রগুলির যে কোনও একটিতে পূর্ব গবেষণা অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্তভাবে বাছাই করা হবে।
বেতন কাঠামোর দিক থেকেও এই গবেষণা পদটি যথেষ্ট আকর্ষণীয়। নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে ৫৮ হাজার থেকে ৬১ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। প্রথমে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। কাজের অগ্রগতি ও প্রকল্পের প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হতে পারে।
আগ্রহী প্রার্থীদের ই-মেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি (CV), শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মশালা বা গবেষণা অভিজ্ঞতার শংসাপত্র জমা দেওয়া আবশ্যক। ১১ জানুয়ারি আবেদনের শেষ দিন।