ভারতের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি করার স্বপ্ন অনেক তরুণ-তরুণীরই থাকে। এই ব্যাঙ্কে বিভিন্ন সময় বিভিন্ন পদে নিয়োগ করা হয়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদ হল স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার (SO)। ব্যাঙ্কের বিভিন্ন বিভাগে বিশেষ দক্ষতাসম্পন্ন প্রার্থীদের এই পদে নিয়োগ করা হয়।
এসও পদে চাকরি করতে হলে নির্দিষ্ট বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা এবং পরীক্ষার ধাপ সম্পর্কে আগে থেকেই জানা জরুরি।
SO ক্যাটাগরির অধীনে ব্যাঙ্কে একাধিক পদে নিয়োগ করা হয়।
সেন্ট্রাল অপারেশন টিম সাপোর্ট: বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
ম্যানেজার (বিজনেস প্রসেস): বয়স ৩০ থেকে ৪০ বছর। প্রার্থীর কাছে এমবিএ বা ম্যানেজমেন্টে ডিপ্লোমা থাকা প্রয়োজন।
প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (বিজনেস): বয়স ৩০ থেকে ৪০ বছর। এমবিএ বা ম্যানেজমেন্ট ডিপ্লোমা বাধ্যতামূলক।
রিলেশনশিপ ম্যানেজার: বয়স ২৩ থেকে ৩৫ বছর। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করা যায়।
ইনভেস্টমেন্ট অফিসার: বয়স ২৮ থেকে ৪০ বছর। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ন্যাশন্যাল ইনস্টিউট অফ সিকিউরিটিজ মার্কেট এবং চার্টার্ডওয়েলথ ম্যানেজার দ্বারা স্বীকৃত সার্টিফিকেশন থাকা প্রয়োজন।
রিজিওন্যাল হেড: বয়স ৩৫ থেকে ৫০ বছর। যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি আবশ্যিক।
এসও নিয়োগ পরীক্ষায় মূলত অনলাইন পরীক্ষা ও সাক্ষাৎকার-এই দুই ধাপ থাকে।
প্রশ্নপত্রে মোট ১৯৫টি প্রশ্ন থাকে, যার মোট নম্বর ২৭০। পরীক্ষার সময়সীমা ১৬০ মিনিট। প্রতিটি বিভাগের জন্য আলাদা প্রশ্নপত্র তৈরি করা হয়।
অনলাইন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ৭০ শতাংশ এবং সাক্ষাৎকারে প্রাপ্ত নম্বরের উপর ৩০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়। এই দুই ধাপ মিলিয়ে মেধাতালিকা তৈরি করে চূড়ান্ত নিয়োগ করা হয়।
আবেদন করতে হলে প্রার্থীদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর শূন্যপদের তালিকা দেখে নির্দিষ্ট পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল-প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগ্যতা ও পরীক্ষার নিয়মে কিছু পরিবর্তন হতে পারে। তাই আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।