Calcutta Television Network

BE, BTech পাশ করেছেন? ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন?

BE, BTech পাশ করেছেন? ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন?
18 November 2026 • 11:14:12 am

 চাকরির খোঁজ করছেন প্রযুক্তি ক্ষেত্রে পড়াশোনা করা তরুণ-তরুণীরা? তাঁদের জন্য রয়েছে নতুন সুযোগ। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে (DIC) তরুণ পেশাদার বা ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হবে। ইতিমধ্যেই সংস্থার ওয়েবসাইটে এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া ভাষিণী বিভাগের তরফে মোট আটটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে দিল্লি। তবে প্রয়োজনে কর্মস্থল পরিবর্তন করা হতে পারে।

 কী কাজ করতে হবে, বেতন কত?

 নিয়োগ করা হবে ইয়ং প্রফেশনাল পদে। এআই ইঞ্জিনিয়ার-সহ একাধিক বিভাগে কাজের সুযোগ রয়েছে। প্রাথমিক ভাবে দু’বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে সংস্থার প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে কাজের মেয়াদ বাড়ানো হতে পারে। এই পদে নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন পাবেন।

 কারা আবেদন করতে পারবেন?

 আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (BE), ব্যাচেলর অফ টেকনোলজি (BTech), মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (ME) অথবা মাস্টার অফ টেকনোলজি (MTech) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন প্রার্থীরাও বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্ত অনুযায়ী আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আবেদনকারীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

 কী ভাবে আবেদন করবেন?

 প্রথমে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের সরকারি ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে ‘কেরিয়ার’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে হবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।

 আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য শর্ত জানতে সংস্থার প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া জরুরি।