চাকরির পাশাপাশি গবেষণার সুযোগ খুঁজছেন প্রযুক্তি ও কম্পিউটার সায়েন্সের পড়ুয়ারা? তাঁদের জন্য সুখবর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার পদে এক জনকে নিয়োগ করা হবে। প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অনুমোদিত।
কত টাকা বেতন, কত দিনের কাজ?
প্রাথমিক ভাবে ১০ মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে প্রকল্পের প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বাড়ানো হতে পারে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম বছরে নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ৬৪ হাজার টাকা সাম্মানিক পাবেন। দ্বিতীয় বছরে সেই অঙ্ক বেড়ে হবে ৭০ হাজার ৪০০ টাকা। ১ ডিসেম্বর ২০২৬ অনুযায়ী আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
কারা আবেদন করতে পারবেন?
আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স অথবা তথ্যপ্রযুক্তি বিষয়ে এমই, এমটেক, বিই, বিটেক, এমসিএ, এমএসসি অথবা এমএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ভাল অ্যাকাডেমিক রেকর্ড থাকা প্রয়োজন। এমই বা এমটেক ডিগ্রিধারীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্য দিকে, বিই, বিটেক, এমসিএ, এমএসসি বা এমএস ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রয়োজন অন্তত তিন বছরের অভিজ্ঞতা। শিল্পক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান অথবা গবেষণার কাজে এই অভিজ্ঞতা অর্জন করা যেতে পারে।
কী ভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://jadavpuruniversity.in/ থেকে নির্দিষ্ট আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদন ফি ৫০ টাকা। পূরণ করা আবেদনপত্র, ফি জমার প্রমাণ, মার্কশিট এবং প্রয়োজনীয় শংসাপত্র স্ক্যান করে ই-মেলের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৬। যোগ্যতা ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়া জরুরি।