চিকিৎসক হিসেবে কাজের সুযোগ দিচ্ছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। দিল্লিতে মেডিক্যাল কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক। বিশেষ বিষয় হল, এই পদে কাজের জন্য নিযুক্তদের ঘণ্টা হিসেবে পারিশ্রমিক দেওয়া হবে। ইতিমধ্যেই আবেদন সংক্রান্ত সময়সীমা বৃদ্ধি করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
RBI-এর এই নিয়োগে মোট শূন্যপদ রয়েছে দু’টি। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি হবে চুক্তির ভিত্তিতে। প্রথমে তিন বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে প্রয়োজন এবং কাজের পরিস্থিতি অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্ত প্রার্থীদের প্রতি ঘণ্টায় ১,৬০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। ফলে চিকিৎসা ক্ষেত্রে অভিজ্ঞ পেশাজীবীদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ কাজের সুযোগ।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, যাঁদের জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। তবে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই চলবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে RBI-এর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়া উচিত। সেখানে নিয়োগের অন্যান্য শর্ত, প্রয়োজনীয় নথি এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে।
আবেদন করতে হলে রিজ়ার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটের হোমপেজ থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে যেতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা মেনে আবেদনপত্র জমা দিতে হবে। বর্ধিত সময়সীমা অনুযায়ী আবেদনের শেষ দিন ২৩ নভেম্বর। তাই নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।