চাকরিপ্রার্থীদের জন্য ফের বড় সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন (DIC)। সংস্থার ডিজিটাল ইন্ডিয়া ভাষিণী বিভাগে ইয়ং প্রফেশনাল বা তরুণ পেশাদার নিয়োগ করা হবে। মোট ৮টি শূন্যপদে কর্মী নেওয়া হবে।
নিযুক্ত প্রার্থীদের প্রথমে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। তবে প্রকল্পের প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। কর্মস্থল হবে দিল্লি, যদিও সংস্থার প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে কর্মস্থল পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা পদভেদে আলাদা। প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BE, BTech, ME অথবা MTech ডিগ্রি থাকতে হবে। নির্দিষ্ট কিছু বিভাগের জন্য আইন বিষয়ে স্নাতক বা অন্য কোনও বিষয়ে স্নাতকের পাশাপাশি MBA ডিগ্রিও গ্রহণযোগ্য। তবে সংশ্লিষ্ট সব বিভাগের ক্ষেত্রেই অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছর।
চুক্তিভিত্তিক হলেও আকর্ষণীয় বেতন এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রকল্পে কাজের সুযোগের কারণে এই নিয়োগ তরুণ পেশাদারদের কাছে উল্লেখযোগ্য হতে পারে। বিশেষ করে প্রযুক্তি, ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীরা এই সুযোগ কাজে লাগাতে পারেন।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে। আগ্রহী প্রার্থীদের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে ‘Career’ (https://bhashini.gov.in/) বিভাগ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ সেপ্টেম্বর। আবেদন করার আগে অবশ্যই পদভেদে নির্দিষ্ট যোগ্যতা ও অন্যান্য শর্ত সরকারি বিজ্ঞপ্তি থেকে যাচাই করে নেওয়া উচিত।