রেলওয়েতে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য বড় সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) ৫৬০টি প্যারামেডিক্যাল পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন পদে কাজের সুযোগ পেতে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ করলে এই নিয়োগে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৪ অক্টোবর ২০২৬।
নিয়োগ প্রক্রিয়ায় প্রথম ধাপে কম্পিউটার বেসড টেস্ট বা CBT দিতে হবে। পরীক্ষায় সফল প্রার্থীদের পরবর্তী ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী মেডিক্যাল পরীক্ষাও হবে। অর্থাৎ শুধু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই নিয়োগ নিশ্চিত হবে না; পরবর্তী ধাপগুলিও সফল ভাবে সম্পূর্ণ করতে হবে।
বেতনের ক্ষেত্রেও রয়েছে আকর্ষণীয় সুযোগ। সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের পে লেভেল ৩ থেকে পে লেভেল ৭-এর মধ্যে বেতন দেওয়া হবে। এর সঙ্গে নিয়ম অনুযায়ী প্রযোজ্য বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও মিলবে।
আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি ২০২৭ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।
আবেদন ফি সাধারণ, OBC ও EWS প্রার্থীদের জন্য ৫০০ টাকা। SC, ST, প্রাক্তন সেনাকর্মী, বিশেষ ভাবে সক্ষম, মহিলা, তৃতীয় লিঙ্গ, সংখ্যালঘু এবং আর্থিক ভাবে পিছিয়ে থাকা শ্রেণির প্রার্থীদের জন্য ফি ২৫০ টাকা। তবে নির্দিষ্ট প্যারামেডিক্যাল পদের শিক্ষাগত যোগ্যতা আলাদা হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট RRB-এর বিজ্ঞপ্তিতে (https://www.rrbapply.gov.in/) নিজের পদের যোগ্যতা অবশ্যই যাচাই করা জরুরি।