Calcutta Television Network

ইসরোতে ২২টি পদে নিয়োগ! কারা আবেদন করতে পারবেন, জানুন যোগ্যতা ও পদ্ধতি

ইসরোতে ২২টি পদে নিয়োগ! কারা আবেদন করতে পারবেন, জানুন যোগ্যতা ও পদ্ধতি
19 September 2026 01:34:03 pm

মহাকাশ গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোতে চাকরির সুযোগ। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, কুক এবং ফায়ারম্যান-সহ একাধিক পদে মোট ২২টি শূন্যপদে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা ইসরোর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

শূন্যপদের মধ্যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ৫টি, টেকনিশিয়ান ১৩টি, কুক ১টি এবং ফায়ারম্যান ৩টি পদ রয়েছে। তবে প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং অন্যান্য শর্ত আলাদা। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের বিস্তারিত বিজ্ঞপ্তি ভালো ভাবে দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিয়োগ প্রক্রিয়াতেও রয়েছে একাধিক ধাপ। সব পদের ক্ষেত্রেই প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর নির্ধারিত যোগ্যতা অনুযায়ী প্রার্থীদের দক্ষতা পরীক্ষা দিতে হবে। এই স্কিল টেস্ট হবে ‘Go/No-Go’ পদ্ধতিতে। অর্থাৎ দক্ষতা পরীক্ষায় নির্ধারিত মান পূরণ করতে না পারলে পরবর্তী ধাপে যাওয়া যাবে না। শেষ পর্যন্ত দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে লিখিত পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে।

ফায়ারম্যান পদের ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া আরও কিছুটা কঠিন। লিখিত পরীক্ষার পর প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের Physical Efficiency Test বা PET দিতে হবে। এই শারীরিক সক্ষমতা পরীক্ষা দু’টি ধাপে অনুষ্ঠিত হবে। উভয় ধাপে যোগ্য প্রার্থীদের পরবর্তীতে বিস্তারিত মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

লিখিত পরীক্ষা OMR পদ্ধতিতে তিরুনেলভেলি ও চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্র বেছে নেওয়ার সুযোগও থাকবে। প্রতিটি পদের আবেদন ফি ৭৫০ টাকা। SBI e-Payment Gateway, ইন্টারনেট ব্যাঙ্কিং, দেশীয় ডেবিট বা ক্রেডিট কার্ড এবং UPI-এর মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। আবেদন করার আগে অবশ্যই ইসরোর সরকারি বিজ্ঞপ্তিতে (https://www.isro.gov.in/) নিজের যোগ্যতা ও অন্যান্য শর্ত মিলিয়ে নেওয়া উচিত। 

×
  • CTVN