ইঞ্জিনিয়ারিং পাশ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারি সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) এক্সিকিউটিভ ট্রেইনি পদে ১০৮ জন ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কন্ট্রোল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন (C&I) এবং মাইনিং-এই পাঁচটি শাখায় নিয়োগ করা হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই নিয়োগে নতুন করে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। প্রার্থীদের GATE-2025 স্কোরের ভিত্তিতে প্রাথমিক বাছাই করা হবে।
কোন বিভাগে কত শূন্যপদ?
মোট ১০৮টি পদের মধ্যে ইলেকট্রিক্যাল বিভাগে ৫০টি, সিভিলে ২৬টি, মেকানিক্যালে ১৭টি, C&I বিভাগে ১২টি এবং মাইনিং বিভাগে ৩টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
আবেদনকারীদের AICTE বা সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় BE/BTech/BSc Engineering ডিগ্রি থাকতে হবে। সাধারণ, OBC ও EWS প্রার্থীদের ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর প্রয়োজন। SC, ST ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর চাওয়া হয়েছে। সাধারণ শ্রেণির প্রার্থীদের সর্বোচ্চ বয়স ২৯ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা সপ্তম বেতন কমিশনের লেভেল-১০ অনুযায়ী মাসে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা বেতন পাবেন। এর পাশাপাশি মহার্ঘ ভাতা, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা সুবিধা, কনভেন্স অ্যালাউন্স, লিভ এনক্যাশমেন্ট এবং NPS-সহ অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।
নির্বাচন পদ্ধতি
GATE-2025 পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। সেই তালিকা থেকে ১:৫ অনুপাতে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। চূড়ান্ত নির্বাচনের পরে মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
কীভাবে আবেদন করবেন?
DVC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Career বিভাগের Recruitment Notices থেকে অনলাইন আবেদন করতে হবে। আবেদনপত্রে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্যের পাশাপাশি GATE-2025-এর রোল নম্বর ও স্কোর দিতে হবে। প্রয়োজনীয় নথি, ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন ফি জমা দিতে হবে। সাধারণ, OBC ও EWS প্রার্থীদের ফি ৩০০ টাকা। SC, ST, PwBD, প্রাক্তন সেনাকর্মী ও বিভাগীয় প্রার্থীদের ফি দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ ৬ ডিসেম্বর, ২০২৬। ওই দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন (www.dvc.gov.in) এবং ফি জমা দেওয়া যাবে।