Calcutta Television Network

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট রিসার্চ স্কলার নিয়োগ, কারা আবেদন করতে পারবেন?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট রিসার্চ স্কলার নিয়োগ, কারা আবেদন করতে পারবেন?
21 November 2026 • 01:56:59 pm

 গবেষণার কাজে আগ্রহী ইঞ্জিনিয়ারিং স্নাতকদের জন্য সুখবর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা প্রকল্পের অধীনে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘প্রজেক্ট রিসার্চ স্কলার’ পদে নিয়োগ করা হবে এক জনকে। নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ১২ হাজার টাকা ফেলোশিপ পাবেন। প্রকল্পের প্রাথমিক মেয়াদ তিন বছর। তবে প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে।

 কোন প্রকল্পে নিয়োগ?

 এআইসিটিই-র রিসার্চ প্রোমোশন স্কিমের (ল্যাব টু মার্কেট) অর্থানুকূল্যে পরিচালিত ‘ডেভেলপমেন্ট অফ আ কোয়ার্টজ় ক্রিস্টাল মাইক্রোব্যালান্স-বেসড থিকনেস মনিটরিং ইনস্ট্রুমেন্ট’ শীর্ষক গবেষণা প্রকল্পের জন্য এই নিয়োগ করা হবে।

 শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

 আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অন্য কোনও শাখায় বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে।

 তবে এমবেডেড সিস্টেমস, ইলেকট্রনিক সার্কিট ডিজাইন, পিসিবি ডিজাইন ও ফ্যাব্রিকেশন এবং সেন্সর-ভিত্তিক ইনস্ট্রুমেন্টেশনে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

 কীভাবে হবে নিয়োগ?

 ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আগামী ৩ ডিসেম্বর, ২০২৬ দুপুর ১টার মধ্যে প্রার্থীদের নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে। তবে ইন্টারভিউয়ে যাওয়ার আগে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

 কীভাবে আবেদনপত্র সংগ্রহ করবেন?

 আগ্রহী প্রার্থীদের প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইট jadavpuruniversity.in-এ যেতে হবে। হোমপেজে প্রকাশিত সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র পূরণ এবং ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়া জরুরি।