আইআইটি খড়্গপুরে একটি প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে। জানা যাচ্ছে, সম্প্রতি নাকি এই প্রতিষ্ঠানের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রকল্পের জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। গবেষণার কাজ করা হবে প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। 'ডেভেলপমেন্ট অফ গ্রিড ফ্রেন্ডলি কন্ডাক্টিভ অ্যান্ড স্ট্যাটিক অয়্যারলেস চার্জার্স ফর ইলেকট্রিক ভেহিকলস'-এই বিষয়ের উপর গবেষণার কাজ হবে। এই প্রকল্পের জন্য অর্থ দিয়ে সাহায্য করবে কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেনশন।
প্রকল্পের জন্য রিসার্চ ফেলো পদে ২জন প্রার্থীকে নিয়োগ করা হবে। যাঁরা কাজে নিযুক্ত হবেন তাঁদের কাজের মেয়াদ থাকবে ২বছর। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে পারিশ্রমিক দেওয়া হবে। তবে, কাজে নিযুক্ত প্রার্থীদের সর্বাধিক পারিশ্রমিক দেওয়া হবে ৩৭,০০০ টাকা। আবেদনকারীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। তবে, সংরক্ষিতদের জন্য আলাদা ছাড় থাকবে।
নিযুক্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বলতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়াও, প্রার্থীদের গেট কিংবা অন্য কোনও যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় পাস হতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এই সংস্থার ওয়েবসাইটটি হল (https://www.iitkgp.ac.in/)।