শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অভিজ্ঞ অধ্যাপকদের জন্য বড় সুযোগ নিয়ে এল শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (Indian Institute of Engineering Science and Technology Shibpur)। প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রে চেয়ার প্রফেসর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এই নিয়োগ হবে প্রতিষ্ঠানের চিরশ্রী সেন্টার ফর সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট (Chirashree Centre for Sustainable Infrastructure Development)-এ। আন্তঃবিভাগীয় এই গবেষণা কেন্দ্রে মোট ৪টি শূন্যপদে অভিজ্ঞ অধ্যাপক নিয়োগ করা হবে। নির্বাচিত প্রফেসরদের মূলত সুস্থায়ী অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন গবেষণামূলক প্রকল্পে কাজ করতে হবে। পাশাপাশি কেন্দ্রের বিভিন্ন অ্যাকাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
প্রাথমিকভাবে এই পদের কাজের মেয়াদ তিন বছর নির্ধারণ করা হয়েছে। তবে কর্মদক্ষতার বার্ষিক মূল্যায়নের ভিত্তিতে এই সময়সীমা বাড়ানো বা কমানো হতে পারে।
নির্বাচিত প্রার্থীদের মাসিক ৩০,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। এর পাশাপাশি অন্যান্য ভাতা এবং সুবিধাও পাওয়া যাবে বলে জানানো হয়েছে। আবেদনকারীদের যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত শর্তাবলি প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে।
আগ্রহী প্রার্থীদের জীবনপঞ্জি (CV), কভার লেটার এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৭ মার্চ।
এরপর নির্বাচিত প্রার্থীদের একটি বিশেষজ্ঞ কমিটির সামনে ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত বাছাই করা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।