খড়্গপুরের আইআইটি চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে কাজের সুবর্ণ সুযোগ। এই কারণে সম্প্রতি প্রতিষ্ঠানের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে, আগে থেকে জেনে রাখা ভালো, যে বা যাঁরা এই কাজে নিযুক্ত হবে তাঁদের চুক্তিভিত্তিকভাবে কাজ করতে হবে। যাঁরা, এই পদের জন্য ইচ্ছুক তাঁরা অনলাইনে আবেদন করতে হবে। প্রতিষ্ঠানের এআই৪আইসিপিএস আই হাব ফাউন্ডেশন-এর জন্য চিফ টেকনিক্যাল অফিসার পদে প্রার্থী নিয়োগ করা হবে।
উল্লেখিত পদে নিযুক্ত ব্যাক্তিদের এআই এবং মেশিন লার্নিং সংক্রান্ত অত্যাধুনিক গবেষণা কাজের জন্য স্টার্ট আপ গড়ে তোলা, সাইবার ফিজিক্যাল সিস্টেম প্রয়োগ করা ও বাণিজ্যিক পণ্য তৈরি করার মতন কাজের দেখভালের দায়িত্বে থাকতে হবে। চিফ টেকনিক্যাল অফিসারের পদে নিযুক্ত হওয়া ব্যাক্তিকে প্রাথমিকভাবে একবছর কাজ করতে হবে। তবে, পরবর্তীকালে প্রয়োজন হলে সেই মেয়াদ বেড়ে সর্বাধিক ৩ বছর হতে পারে। পারিশ্রমিক হবে মাসে ২ লক্ষ টাকা।
আবেদনকারীদের আবার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স কিংবা সমতুল্য কোনও বিষয়ে পিএইচডি, এমএস, এমএস (রিসার্চ) বা বিটেক ডিগ্রি থাকতে হবে। এরই পাশাপাশি নিযুক্ত ব্যাক্তিদের উল্লেখিত কাজের জন্য ২ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন। আগামী ১০ মার্চ আবেদনের শেষ দিন।