Calcutta Television Network

ভারতীয় জাদুঘরে কর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন, যোগ্যতা কী? জানুন বিস্তারিত

ভারতীয় জাদুঘরে কর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন, যোগ্যতা কী? জানুন বিস্তারিত
13 September 2026 12:52:29 pm

কলকাতার ভারতীয় জাদুঘরে চাকরির সুযোগ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ এই প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের মাধ্যমে পাঁচটি ভিন্ন পদে কর্মী নেওয়া হবে। ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রতিটি পদে একজন করে মোট ৫ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

নিয়োগের তালিকায় রয়েছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার, হেড মডেলার, মডেলার, ড্রাইভার কাম মেকানিক এবং হিন্দি ট্রান্সলেটর। পদ অনুযায়ী বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতায় রয়েছে পার্থক্য। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার এবং হেড মডেলার পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর। অন্যদিকে মডেলার, হিন্দি ট্রান্সলেটর এবং ড্রাইভার কাম মেকানিক পদে সর্বোচ্চ বয়স ২৮ বছর।

বেতনের দিক থেকেও পদগুলি বেশ আকর্ষণীয়। বিজ্ঞপ্তি (https://indianmuseumkolkata.org/) অনুযায়ী, পদভেদে মাসিক বেতন ২৫,৫০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত হতে পারে।

লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসারের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরের পাশাপাশি লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং সাত বছরের অভিজ্ঞতা প্রয়োজন। হেড মডেলার ও মডেলার পদের জন্য মডেলিং ভাস্কর্যে ডিগ্রি বা ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হিন্দি ট্রান্সলেটর পদে হিন্দি ও ইংরেজি-সহ স্নাতক এবং অনুবাদের কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

অন্যদিকে ড্রাইভার কাম মেকানিক পদে আবেদন করতে হলে দশম পাশ, বৈধ ড্রাইভিং লাইসেন্স, গাড়ি মেরামতের জ্ঞান এবং পাঁচ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা প্রয়োজন।

লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে। আবেদনের শেষ তারিখ ২৩ অক্টোবর। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। 

×
  • CTVN