উচ্চশিক্ষিত গণিতবিদদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের অন্যতম নবীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়-এর গণিত বিভাগে চারজন অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিভিত্তিক এই নিয়োগে যোগ্য প্রার্থীদের জন্য খুলে যাচ্ছে শিক্ষকতার নতুন দরজা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গণিত বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী এবং স্নাতক বা স্নাতকোত্তর স্তরে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে- এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বিশেষ করে যাঁদের বীজগণিত (Algebra), নাম্বার থিয়োরি (Number Theory), ম্যাটল্যাব (MATLAB) এবং অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন (Ordinary Differential Equation)-এর মতো বিষয়ে বিশেষ দক্ষতা বা গবেষণা-অভিজ্ঞতা রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
মোট শূন্যপদ চারটি। প্রাথমিকভাবে ছ’মাসের চুক্তিতে নিয়োগ করা হবে নির্বাচিত প্রার্থীদের। তবে বিভাগীয় প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বাড়ানোও হতে পারে। বেতন বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।
যোগ্যতা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা নয়, সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। আগামী ৬ মার্চ নির্ধারিত হয়েছে সাক্ষাৎকারের দিন। আগ্রহী প্রার্থীদের সেদিন জীবনপঞ্জি (CV), শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্রসহ প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে।
গবেষণা ও শিক্ষাদানের অভিজ্ঞতা থাকলে এবং উচ্চশিক্ষার পর একাডেমিক জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে, এই সুযোগ হতে পারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সময়মতো প্রস্তুতি নিয়ে ইন্টারভিউতে অংশ নিন- গণিতের অঙ্ক মিলতে পারে আপনার ক্যারিয়ারের সমীকরণেও!