কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সংস্থা প্রসার ভারতীতে চাকরির বড় সুযোগ। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন কেন্দ্রে চুক্তির ভিত্তিতে মার্কেটিং এগজ়িকিউটিভ পদে মোট ২০ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ডিডি কলকাতা কেন্দ্রে একটি শূন্যপদ রয়েছে। ফলে কলকাতার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের চাকরিপ্রার্থীদের কাছেও এটি ভালো সুযোগ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের ১৬টি শহরে এই নিয়োগ হবে। কলকাতা ছাড়াও মুম্বই ও বেঙ্গালুরুতে একাধিক পদ রয়েছে। এ ছাড়া লখনউ, বারাণসী, দেহরাদুন, জলন্ধর, লেহ, রাঁচি, রায়পুর, রাজকোট, নাগপুর, পানাজি, কোচি, বিজয়ওয়াড়া এবং তিরুচিরাপল্লিতেও কর্মী নেওয়া হবে।
বেতনের দিক থেকেও পদটি বেশ আকর্ষণীয়। সাধারণ ক্ষেত্রে মাসিক ৩৫,০০০ থেকে ৪২,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। তবে কলকাতা, মুম্বই ও বেঙ্গালুরুর মতো মেট্রো শহরে এই অঙ্ক বেড়ে ৩৫,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
আবেদন করতে হলে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এমবিএ, এমবিএ (মার্কেটিং) অথবা মার্কেটিং/ম্যানেজমেন্টে পিজি ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন অন্তত এক বছরের পেশাগত অভিজ্ঞতা।
৭ সেপ্টেম্বর ২০২৬ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে অনলাইনে (https://prasarbharati.gov.in/pbvacancies/) আবেদন করতে হবে। আবেদন করার আগে যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়া জরুরি।