রেলের চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। ভারতীয় রেলের অধীনে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (NTPC) বিভাগের নিয়োগ পরীক্ষায় বসতে হলে পরীক্ষার্থীদের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতেই হবে।
এই নিয়োগ পরীক্ষার মাধ্যমে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজর, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট-সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। স্নাতক যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা এই পরীক্ষার জন্য আবেদন করেছেন। প্রথম ধাপের পরীক্ষা ২৭ মার্চ পর্যন্ত চলবে।
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের পরিচয় যাচাই করা হবে বায়োমেট্রিক সিকিউরিটি সিস্টেম-এর মাধ্যমে। পরীক্ষাকেন্দ্রেই আবেদনপত্রের তথ্যের সঙ্গে আধার কার্ডের তথ্য মিলিয়ে দেখা হবে। তাই অ্যাডমিট কার্ডের পাশাপাশি আধার কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক। পরীক্ষার্থীদের আধারের ডিজিটাল কপি ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া-এর সিস্টেমে আগে থেকেই ‘আনলক’ করে রাখতে বলা হয়েছে।
পরীক্ষার্থীদের সঙ্গে দুটি পাসপোর্ট সাইজের ছবি রাখতে হবে। পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্ট (CBT) পদ্ধতিতে। তাই পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি কোনও ধর্মীয় বা দলীয় প্রতীক সঙ্গে রাখা গেলেও পরীক্ষা বাতিল হতে পারে।
পরীক্ষা শুরু হওয়ার অন্তত দু’ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ প্রার্থীদের জন্য ১০০ নম্বরের পরীক্ষা শেষ করার সময় ৯০ মিনিট, তবে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীরা ১২০ মিনিট সময় পাবেন।
এখানে উল্লেখ্য, চলতি বছরে এই পরীক্ষার মাধ্যমে মোট ৫,৮১০টি শূন্যপদে নিয়োগ করা হবে। অতীতে ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়ার ঘটনার কারণে এবার প্রতিটি কেন্দ্রে দেহতল্লাশি, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং জ্যামার ব্যবস্থাও রাখা হয়েছে।