কলকাতার ঐতিহ্যবাহী সেন্ট জেভিয়ার্স কলেজ-এ শিক্ষকতার বড় সুযোগ। কলেজের তরফে জারি হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি, যেখানে জানানো হয়েছে পূর্ণ সময়ের স্থায়ী পদে সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। শূন্যপদ একটি এবং নিয়োগ হবে বায়োটেকনোলজি বিভাগে।
আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োটেকনোলজি, জেনেটিক্স, মলিকিউলার বায়োলজি, মাইক্রোবায়োলজি অথবা লাইফ সায়েন্সেস-এ স্নাতকোত্তর ডিগ্রিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। প্রার্থীদের বয়সসীমা ৪০ বছরের মধ্যে নির্ধারিত হয়েছে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। বিজ্ঞপ্তিতে অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতার কথাও উল্লেখ রয়েছে, যা বিস্তারিতভাবে কলেজের ওয়েবসাইটে পাওয়া যাবে।
নিয়োগটি স্থায়ী পূর্ণকালীন হলেও বেতনকাঠামো বা কাজের মেয়াদ সংক্রান্ত নির্দিষ্ট তথ্য বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি। আগ্রহী প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে হবে।
আবেদনমূল্য ধার্য করা হয়েছে ২০০০ টাকা। আবেদন জমা দেওয়ার শেষ দিন আগামী ২১ মার্চ। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছনো নিশ্চিত করতে হবে।