রেলে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর জুনিয়র ইঞ্জিনিয়ার (JE) নিয়োগ পরীক্ষা ২০২৬-এর জন্য আবেদন প্রক্রিয়া চলছে। তবে আর বেশি সময় হাতে নেই। ১২ সেপ্টেম্বর ২০২৬ আবেদন জমা দেওয়ার শেষ দিন। তাই যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের দ্রুত প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর ১৬ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্রে প্রয়োজনীয় সংশোধন করার সুযোগ থাকবে। অন্যদিকে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT), নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার নির্দিষ্ট সূচি পরবর্তী সময়ে জানানো হবে।
আবেদন ফি হিসেবে সাধারণ শ্রেণির প্রার্থীদের দিতে হবে ৫০০ টাকা। SC, ST, প্রাক্তন সেনাকর্মী, PwBD, মহিলা, রূপান্তরকামী এবং অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ফি ২৫০ টাকা।
আবেদন করার আগে প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা জরুরি। এর মধ্যে রয়েছে স্ক্যান করা রঙিন পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, বৈধ পরিচয়পত্র, সংরক্ষণ সংক্রান্ত শংসাপত্র এবং স্ক্যান করা স্বাক্ষর। PwBD প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী স্ক্রাইব সংক্রান্ত তথ্যও দিতে হবে।
আবেদন করতে প্রথমে সংশ্লিষ্ট আঞ্চলিক RRB-এর ওয়েবসাইটে (https://www.rrbapply.gov.in/) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর তৈরি হওয়া অ্যাকাউন্টে ই-মেল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ব্যক্তিগত তথ্য, ঠিকানা, বয়স ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তারপর নথি আপলোড করে আবেদন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে।
আবেদন সম্পূর্ণ হওয়ার পর কনফার্মেশন পেজ ডাউনলোড করে অবশ্যই সংরক্ষণ করে রাখা উচিত, কারণ পরবর্তী সময়ে এটি প্রয়োজন হতে পারে।