চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দক্ষিণ ২৪ পরগনা জেলায় জাতীয় স্বাস্থ্য মিশন (NHM) এবং রাজ্য সরকারের অন্য একটি প্রকল্পের অধীনে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা ও স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। জেলার বিভিন্ন পৌরসভা ও মহকুমায় মোট ১৪টি শূন্যপদে নিয়োগ করা হবে।
যে পদগুলিতে নিয়োগ হবে সেগুলি হল- মেডিক্যাল অফিসার, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইসর, পিয়ার সাপোর্ট, ভিবিডি টেকনিক্যাল সুপারভাইসর, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান। পদ অনুযায়ী মাসিক বেতন ১০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
বয়সসীমা পদভেদে অনূর্ধ্ব ৪০ বছর অথবা ৬৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
মেডিক্যাল অফিসার পদে আবেদন করতে হলে এমবিবিএস ডিগ্রি আবশ্যক। সঙ্গে থাকতে হবে অন্তত এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন করার প্রমাণপত্র এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা। অন্যান্য পদগুলির ক্ষেত্রেও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত তথ্য মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আবেদন করতে হবে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। আগামী ৮ মার্চ আবেদনের শেষ দিন। এরপর লিখিত পরীক্ষা, কম্পিউটার দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।