Calcutta Television Network

চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর! SSC CPO 2026-এর বিজ্ঞপ্তি প্রকাশ, ১৮৭১ পদে নিয়োগ

চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর! SSC CPO 2026-এর বিজ্ঞপ্তি প্রকাশ, ১৮৭১ পদে নিয়োগ
14 September 2026 09:31:21 am

কেন্দ্রীয় সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। প্রকাশিত হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের (SSC) CPO 2026 নিয়োগের বিজ্ঞপ্তি। এই পরীক্ষার মাধ্যমে দিল্লি পুলিস, কেন্দ্রীয় সশস্ত্র পুলিস বাহিনী (CAPF) এবং CISF-এ সাব-ইন্সপেক্টর পদে মোট ১,৮৭১ জনকে নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দিল্লি পুলিসের পুরুষ বিভাগে ২০৫টি, মহিলা বিভাগে ১১২টি, CAPF-এ SI (GD) পদে ১,৩২০টি এবং CISF-এ SI (Fire) পদে ২৩৪টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ পুলিস ও কেন্দ্রীয় বাহিনীতে যোগ দিতে ইচ্ছুক তরুণদের জন্য এটি গুরুত্বপূর্ণ নিয়োগ।

১০ সেপ্টেম্বর ২০২৬ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত। অনলাইনে (https://ssc.gov.in/) আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১ অক্টোবর রাত ১১টা। কোনও ভুল থাকলে ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত আবেদন সংশোধনের সুযোগ থাকবে। কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার তারিখ পরে জানাবে কমিশন।

দিল্লি পুলিস SI এবং CAPF SI (GD) পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি প্রয়োজন। বর্তমানে স্নাতকের শেষ পর্যায়ে থাকা প্রার্থীরাও নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্যতা অর্জন করতে পারলে আবেদন করতে পারবেন। CISF-এর SI (Fire) পদের জন্য বিজ্ঞান শাখায় নির্দিষ্ট বিষয়-সহ স্নাতক অথবা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা-সহ দশম পাশের যোগ্যতা চাওয়া হয়েছে।

SI (Fire) বাদে অন্যান্য পদের বয়সসীমা ২০ থেকে ২৫ বছর। CISF SI (Fire)-এর ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

এ ছাড়া দিল্লি পুলিসের পুরুষ SI পদের জন্য শারীরিক সক্ষমতা পরীক্ষার পাশাপাশি বৈধ মোটরবাইক ও গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।  

×
  • CTVN