রেলওয়ের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (NTPC) নিয়োগ পরীক্ষায় এবার নজিরবিহীন কড়াকড়ি। পরীক্ষার দিনেই প্রার্থীদের আধার কার্ডের তথ্য সরাসরি যাচাই করা হবে। ১৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলবে এই বহুল প্রতীক্ষিত পরীক্ষা, জানিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।
নকল ও ভুয়ো পরীক্ষার্থী রুখতেই এই বিশেষ ব্যবস্থা। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে ‘বায়োমেটিক সিকিয়োরিটি সিস্টেম’-এর মাধ্যমে প্রত্যেক পরীক্ষার্থীর পরিচয় মিলিয়ে দেখা হবে। আবেদনপত্রে দেওয়া তথ্যের সঙ্গে আধার কার্ডের তথ্য যাচাই করা হবে সরাসরি। তাই অ্যাডমিট কার্ডের পাশাপাশি আধার কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক। শুধু তাই নয়, আধারের ডিজিটাল কপিও ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া (UIDAI) সিস্টেমে ‘আনলক’ করে রাখতে হবে, যাতে দ্রুত যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
পরীক্ষা হবে কম্পিউটার বেসড টেস্ট (CBT) পদ্ধতিতে। ফলে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা কোনও বৈদ্যুতিন সামগ্রী নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এমন কিছু পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই প্রার্থীর পরীক্ষা বাতিল করা হবে। অতীতে মোবাইল ব্যবহার ও ভুয়ো পরীক্ষার্থীর অভিযোগ সামনে আসায় এবার প্রতিটি কেন্দ্রে দেহতল্লাশির বিশেষ ব্যবস্থা ও সিগন্যাল জ্যামার বসানো হচ্ছে।
কোন পরীক্ষার্থী কোন কেন্দ্রে পরীক্ষা দেবেন, তা ১২ মার্চের মধ্যে জানিয়ে দেওয়া হবে। ১০০ নম্বরের এই পরীক্ষার জন্য সাধারণ প্রার্থীদের সময় ৯০ মিনিট। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য বরাদ্দ ১২০ মিনিট।
এই পরীক্ষার মাধ্যমে টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।
কড়া নজরদারির এই সিদ্ধান্তে একদিকে যেমন স্বচ্ছতা নিশ্চিত হবে, তেমনই প্রকৃত যোগ্য প্রার্থীদের জন্য প্রতিযোগিতা হবে আরও সুষ্ঠু।