উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ এনে দিল কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে দু’টি বিষয়ে পড়ানোর জন্য অতিথি শিক্ষক (Guest Faculty) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মোট শূন্যপদ রয়েছে দু’টি। নির্বাচিত প্রার্থীদের সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি বিষয় পড়াতে হবে। থিয়োরি ক্লাস নেওয়া ও প্র্যাক্টিক্যাল করানোর ভিত্তিতে পারিশ্রমিক নির্ধারিত হয়েছে-প্রতি ঘণ্টায় ৮০০ টাকা অথবা ১২০০ টাকা।
যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীদের ন্যানোটেকনোলজি, মেটিরিয়াল সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, জিওইনফরমেটিক্স, রিমোট সেন্সিং বা ভূগোলে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। বয়সসীমা ২১ থেকে ৩৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
নিয়োগের জন্য ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ, দুপুর ১২টা থেকে। প্রার্থীদের নির্দিষ্ট দিনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।