বাংলার লোকাচার ও ব্রতসংস্কৃতির এক বিশেষ অধ্যায় হল জ্যৈষ্ঠ মাসের 'জয় মঙ্গলবার' ব্রত। প্রতি মঙ্গলবার পালিত এই ব্রত মূলত মা মঙ্গলচণ্ডীর আরাধনার সঙ্গে জড়িত। বিশ্বাস করা হয়, দেবীর কৃপায় সংসারের বিপদ-আপদ দূর হয়, দাম্পত্য জীবন সুখের হয় এবং জীবনের কঠিন পরিস্থিতিতেও রক্ষা মেলে। তাই আজও বাংলার বহু ঘরে নিষ্ঠার সঙ্গে পালিত হয় জয়মঙ্গলবারের ব্রত।
এই ব্রতের সঙ্গে জড়িয়ে রয়েছে জয়াবতী ও জয়দেবের জনপ্রিয় ব্রতকথা। নববধূ জয়াবতী নিয়ম করে মঙ্গলচণ্ডীর ব্রত পালন করত। তার বিশ্বাস ছিল- এই ব্রত করলে হারানো জিনিস ফিরে পাওয়া যায়, স্বামী-পুত্র বিপদ থেকে রক্ষা পায়, এমনকি মৃত্যুর মুখ থেকেও মুক্তি মেলে। কিন্তু জয়দেব বারবার জয়াবতীকে বিপদে ফেলার চেষ্টা করে। পথে তাঁর গয়না জলে ফেলে দেওয়া থেকে শুরু করে নানা অপমান- সবই সহ্য করতে হয় জয়াবতীকে। তবু প্রতিবারই অলৌকিক ভাবে তাঁকে রক্ষা করেন দেবী মঙ্গলচণ্ডী। শেষ পর্যন্ত জয়দেবও দেবীর মাহাত্ম্য মেনে নিতে বাধ্য হয়।
লোকবিশ্বাস অনুযায়ী, জ্যৈষ্ঠ মাসের চারটি মঙ্গলবার এই ব্রত পালন করা হয়। কেউ কেউ আবার দুই মঙ্গলবার বা সংক্ষিপ্ত আকারেও ব্রত পালন করেন। এই দিন দই-চিঁড়ে, আম, কাঁঠাল-সহ গরমকালের ফল খাওয়ার বিশেষ রীতি রয়েছে।
ব্রতপালনের জন্য লাগে ১৭টি গোটা সুপারি, ধান, দূর্বা, ফুল, ফল, বেলপাতা, পাকা আম ও কাঁঠাল। কাঁঠাল পাতায় ধান, যব, মুগকলাই ও দূর্বা রেখে দেবীকে নিবেদন করা হয়। পরে কলার মধ্যে সেই উপকরণ ভরে গ্রহণ করারও প্রথা আছে। দেবীকে আমলকী বাটা ও হলুদ দিয়ে স্নান করিয়ে পাঁচ ফল উৎসর্গ করা হয়।