Calcutta Television Network

পুজোর মরসুমে শোকের ছায়া মাঝেরহাটে! ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল এক কিশোরের

পুজোর মরসুমে শোকের ছায়া মাঝেরহাটে! ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল এক কিশোরের
13 November 2026 • 04:53:07 pm

মাঝেরহাটে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল ১২ বছরের এক কিশোরের। স্থানীয় সূত্রে জানা যায়, সাইকেল করে বাড়ি ফেরার পথে সাইকেলের চেন পড়ে যায়, আর সেই চেন ঠিক করতে গিয়ে হঠাৎই পিছন থেকে ধাক্কা মারে ডাম্পার। সাইকেলের পেছনের চাকাটা ডাম্পারের নিচে চাপা পড়ে যাওয়ায় আর সাইকেল নিয়ে উঠতে পারে না ওই কিশোর। আর তার জেরেই গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। 

উল্লেখ্য, স্থানীয়রা ডাম্পার ও ডাম্পারের চালককে আটক করে রাখে। উত্তেজিত জনতার রোষের মুখে পড়ে চালক।   তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় তারাতলা থানার পুলিসও। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানান, মাঝারহাটের ওই রাস্তায় এর আগেও অনেক দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যৎতে দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য ওই রাস্তায় গতি রুখতে পুলিসি নজরদারির পাশাপাশি  রাস্তায়  বাম্পার দেওয়ারও কথা বলেন।

প্রসঙ্গত, ঘটনাস্থলে পুলিস পৌঁছে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।