Calcutta Television Network

শালবনি জমি দুর্নীতিতে এবার নাম জুড়ল অভিষেকের! সিআইডি হেফাজতে বিস্ফোরক জবানবন্দি সুমিতের

শালবনি জমি দুর্নীতিতে এবার নাম জুড়ল অভিষেকের! সিআইডি হেফাজতে বিস্ফোরক জবানবন্দি সুমিতের
19 September 2026 07:04:59 pm

শালবনি জমি দুর্নীতি মামলায় নয়া মোড়। এবার সরাসরি এই মামলায় নাম জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সিআইডি হেফাজতে থাকা তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়ের জবানবন্দিতে ডায়মন্ড হারবারের সাংসদের নাম উঠে এসেছে বলে খবর সূত্রের। ফলে এই মামলার জল এবার কোনদিকে গড়াবে, তা নিয়ে বাড়ছে জল্পনা।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ জিজ্ঞাসাবাদে সুমিত রায় স্বীকার করেছেন যে, তিনি যা করেছেন তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই করেছেন। বিএনএসএস-এর ১৮০ ধারায় তাঁর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবন থেকে সুমিত রায়কে গ্রেফতার করে সিআইডি। তাঁর বিরুদ্ধে শালবনির সরকারি জমি দুর্নীতির অভিযোগ রয়েছে। এমতাবস্থায় আজ, শনিবার সুমিতকে আদালতে পেশ করা হয়।

এই মামলায় প্রথমে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই সুমিত রায়ের নাম উঠে আসে। তদন্তকারী সংস্থার জমা দেওয়া চার্জশিটে বলা হয়েছে, দুর্নীতির টাকা সুজয় হাজরার মাধ্যমে সুমিত রায়ের অফিসে পৌঁছাত। এই সংক্রান্ত তথ্য প্রমাণ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই দেহরক্ষী এবং সুজয় হাজরার গাড়ির চালকের বয়ানকে হাতিয়ার করেছে সিআইডি।

এই বিষয়ে সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিব জানান, 'সিআইডি হেফাজতে থাকাকালীন সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে এবং তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যান্য ধৃতদের সঙ্গে মুখোমুখি বসিয়েও তাঁকে জেরা করা হয়েছে।'

এমতাবস্থায় আজ আদালতে সুমিত রায়কে পেশ করা হলে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে ৫ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সুমিত রায়ের এই বিস্ফোরক জবানবন্দির পর এই মামলায় বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে। ফলে তাঁকেও এবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। 

Related Posts
×
  • CTVN