পরিবেশ দূষণের দায় বারবার ভারতের মতো উন্নয়নশীল দেশগুলির উপর চাপিয়ে দেওয়া হয়। শনিবার সেই প্রসঙ্গেই সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিসংখ্যান তুলে ধরে তিনি বুঝিয়ে দিলেন, বিশ্বের মোট কার্বন নিঃসরণে ভারতের ভূমিকা অনেকটাই কম।
আজ, শনিবার 'দ্য ফিউচার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডায়নামিক্স'-এর আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, 'আমরা সকলেই জানি, উন্নয়নশীল দেশগুলির উপর অতিরিক্ত কার্বন নিঃসরণের দায় চাপিয়ে দেওয়া হয়। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, আজ পর্যন্ত গোটা বিশ্বে গড়ে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, ভারতে তার হার অনেক কম।' গত ১২ বছরে পরিবেশ রক্ষায় ভারত অসাধারণ উন্নতি করেছে বলেও দাবি করেন মোদী।
তাঁর কথায়, 'পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রিনিউয়েবল এনার্জি নিয়ে আমরা অনেক কাজ করেছি।' জি-২০ দেশগুলির মধ্যে একমাত্র ভারতই সময়সীমা পেরনোর আগে প্যারিস জলবায়ু চুক্তির সমস্ত শর্ত পূরণ করেছে বলে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শত শত বছর ধরে ভারত পরিবেশ নিয়ে সচেতন থেকেছে। সেই সচেতনতাই আজকের পৃথিবীতে পরিবেশগত সমস্যার সমাধানের পথ দেখাচ্ছে। তবে পরিবেশ বাঁচাতে গোটা বিশ্বকে একযোগে পদক্ষেপ করতে হবে বলেও বার্তা দেন মোদী।
প্রসঙ্গত, বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চিন ও আমেরিকার মতো ধনী দেশগুলি। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মোট নিঃসরণের ৩৩.৯৮ শতাংশ করে চিন এবং ১২ শতাংশ করে আমেরিকা। মাথাপিছু নিঃসরণের হার যথাক্রমে ৯.২৪ টন এবং ১৩.৮৩ টন। সেখানে বিপুল জনসংখ্যা সত্ত্বেও ভারতে মাথাপিছু কার্বন নিঃসরণ মাত্র ২.০৭ টন। প্রধানমন্ত্রী জানান, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সৌরবিদ্যুৎ, হাইড্রোজেন শক্তির ব্যবহারে জোর দিচ্ছে ভারত।